নাটোর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ম বহির্র্ভূতভাবে চিটাগুড় বিক্রির অভিযোগে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ছয় কর্মকর্তা ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার দুপুরে লালপুর থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানান কমিশনের সহকারী পরিচালক সমর কুমার।
মামলার নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী গোলাম মর্তুজা, মহাব্যবস্থাপক (অর্থ) মো. জাকির হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) এস এম সুদর্শন, উপ-ব্যবস্থাপক (বাণিজ্যিক) দিলিপ কুমার পাইন, আইন উপদেষ্টা এ্যাড. কোরবান আলী ও আমজাদ হোসেন এবং মেসার্স কাজল অ্যান্ড সন্সের মালিক জামিলুর রহমান খাঁনকে আসামি করা হয়েছে।
সমর কুমার সাংবাদিকদের জানান, ২০০৯ সালে বাজার দর থেকে মণপ্রতি ১৪৭ টাকা ৭৫ পয়সা কম দরে ৫০০ মেট্রিক টন চিটাগুড় কেনাবেচা করে মিল কর্তৃপক্ষ। এর ফলে সরকারের প্রায় ১৯ লাখ ৯৪ হাজার ৬২৫ টাকার ক্ষতি হয়।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮১৮ ঘ.
bdnews24