নীলফামারী/কুড়িগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ছিটমহল বিনিময় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন ছিটমহলে কর্মসূচি পালিত হলেও তা হচ্ছে না নীলফামারীতে ভারতীয় ছিটমহলের বাসিন্দারা।
কারণ হিসেবে কর্মসূচি সম্পর্কে ধারণা না থাকার কথাই জানিয়েছেন ওই জেলার চারটি ছিটমহলের বাসিন্দারা। অন্যদিকে বৃহস্পতিবার মৌন মিছিলের পর শুক্রবার সাইকেল মিছিলের কর্মসূচি দিয়েছে কুড়িগ্রামের ছিটমহলবাসী।
গত শুক্রবার থেকে ১০ দিনের লাগাতার কর্মসূচি পালন করছে ভারত ও বাংলাদেশের ছিটমহলগুলোর বাসিন্দারা।
দুই দেশে মোট ১৬১টি ছিটমহল রয়েছে। এর মধ্যে নীলফামারীর ডিমলায় রয়েছে চারটি।
ডিমলার ঝিগাবাড়ি ছিটমহলের বাসিন্দা হযরত আলী (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা শুনেছেন সবগুলো ছিটমহলে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কিন্তু ডিমলার চারটি ভারতীয় ছিটমহলের মানুষ দাবির সঙ্গে একাত্ম হলেও কোনো কর্মসূচি পালন করছে না।
কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকাকেই এর জন্য দায়ী করেন হযরত আলী। একই কারণ দেখান ওই ছিটমহলের আব্দুল কাদের (৩৮)। এর সঙ্গে কর্মব্যস্ততার কথাও বলেন তিনি।
ছিট ঝিগাবাড়ির আয়তন ৪৯ দশমিক শূন্য ৩ একর। এ ছিটে ৪৪টি পরিবারে লোকসংখ্যা ২১০ জন। বড় খানকিবাড়ি খারিজার আয়তন ৩৩ দশমিক ৫০ একর। এ ছিটে ১২টি পরিবারে লোকসংখ্যা ৫৮ জন। তালুক বড় খানকিবাড়ি খারিজার আয়তন ৯৩ দশমিক ৮০ একর। এ ছিটে ৩৩টি পরিবারের লোকসংখ্যা ১৪২ জন। বড় খানকি খারিজা গিদালদহর আয়তন ৭ দশমিক ৭০ একর। এ ছিটে ৮টি পরিবারের লোকসংখ্যা ৩১ জন।
ডিমলার ছিটমহলে কর্মসূচি পালিত না হওয়া প্রসঙ্গে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সময়ের অভাবে ওই চারটি ছিটমহলে সফর করা হয়নি। তারা কর্মসূচি পালন না করলেও আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।"
তবে ছিটমহলবাসীকে জাগিয়ে তুলতে সাংগঠনিক সফর শুরু করা হয়েছে বলে জানান গোলাম মোস্তফা।
বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে।
গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ঢাকায় স্থলসীমা নিয়ে একটি প্রটোকল সই হয়। এর মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় ছিটমহল বিনিময় করবে দুই দেশ।
তবে প্রটোকলে ছিটমহল বিনিময় বিষয়ে নির্দিষ্ট সময় বা প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ না থাকায় দুই দেশের ছিটমহলের নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে কুড়িগ্রাম দাসিয়ারছড়া ছিটমহলে মৌনমিছিলে নেতৃত্ব দেন সমন্বয় কমিটির সম্পাদক মোস্তফা।
তিনি জানান, একইভাবে অন্য ছিটমহলগুলোতেও মৌনমিছিল হয়েছে।
ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশি ছিটমহলগুলোতেও কর্মসূচি পালিত হয়েছে বলে সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহ সাধারণ সম্পাদক দীপ্তিমান সেন গুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি আরো জানান, শুক্রবার সকাল ৯টায় বাই-সাইকেল মিছিল নিয়ে ছিটমহলবাসীরা ভারতের বিভিন্ন শহরে ঢুকে পথসভা করে জনমত গঠন করবে।
১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় মশাল মিছিল এবং শেষ দিন রোববার বিক্ষোভ সমাবেশ করবে ছিটমহলবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮১৫ ঘ.
bdnews24