২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্জিন ঋণ: সঙ্কট কাটাতে নতুন তহবিল

পুঁজিবাজারের অস্থিতিশীলতা ঠেকাতে এবং মার্জিন ঋণ নিয়ে অচলাবস্থা নিরসনে বেসরকারি খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের অস্থিতিশীলতা ঠেকাতে এবং মার্জিন ঋণ নিয়ে অচলাবস্থা নিরসনে বেসরকারি খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। বৃহস্পতিবার এফবিসিসিআই ভবনে সংশি¬ষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে প্রায় ৫ ঘণ্টা বৈঠক শেষে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের সভাপতি এ কে আজাদ বলেন, এই তহবিল গঠন করা হবে মিউচুয়াল ফান্ড আইনে। নাম হবে 'বাজার স্থিতিশীলকরণ তহবিল'। বাজার চাঙ্গা থাকার সময় বিভিন্ন মার্চেন্ট ব্যাংক থেকে মার্জিন ঋণ নিয়ে শেয়ার কেনার পর বাজার পড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারীই বিপাকে পড়েন। শেয়ারের দাম কমে যাওয়ায় তারা তা বিক্রি করতে পারছেন না। অন্যদিকে তাদের ঋণের সুদও বাড়ছে। আবার মার্চেন্ট ব্যাংকগুলোর টাকাও আটকে থাকছে। এই পরিস্থিতিতে এক ধরেনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে বাজারে। এ কে আজাদ জানান, বেসরকারি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ছাড়াও বেসরকারি খাতের বিভিন্ন সংগঠন এই তহবিল গড়তে অর্থায়ন করবে। যারা মার্জিন ঋণ নিয়ে শেয়ার কেনার পর দাম কমে যাওয়ায় বিক্রি করতে পারছেন না, তাদের কাছ থেকে সেই পোর্টফোলিও কিনে নেবে এই তহবিল। বিনিময়ে টাকার বদলে তাদের দেওয়া হবে একটি 'ইউনিট সার্টিফিকেট', যা পুঁজিবাজারে লেনদেনও করা যাবে। তিনি বলেন, "বাজারের বর্তমান পরিস্থিতিতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুজন আত্মহত্যাও করেছেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে, বাজারকে আবার গতিশীল করতে এফবিসিসিআই কিছু করার তাগিদ অনুভব করছে। এ কারণে বাজার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এফবিসিসিআই আলোচনা করেছে। সেই আলোচনার ভিত্তিতেই এই ফান্ডটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।" এই তহবিলের জন্য প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকার যোগান দেবে উদ্যোক্তারা। এর মধ্যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ৩০০ কোটি টাকা দেবে। এছাড়া মার্চেন্ট ব্যাংকগুলো, বিভিন্ন বীমা কোম্পানি, স্টক এক্সচেঞ্জের ব্রোকার-ডিলার, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং প্রবাসীরা এ তহবিলে বিনিয়োগ করবেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি ও ডিএসইর পরিচালক সালমান এফ রহমান জানান, উদ্যোক্তারা প্রাথমিক তহবিলের যোগান দেবেন। ব্যবস্থাপনার জন্যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) নতুন একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গঠনের আবেদন জানানো হবে। "বাজারে বিপুল পরিমাণ শেয়ার মার্জিন ঋণের কারণে আটকে রয়েছে। শেয়ার মালিকরা এগুলো বিক্রি করতে পারছেন না। দাম কমে যাওয়ায় ফোর্সড সেলের শিকার হচ্ছেন। এসব ক্ষেত্রে ব্যাংকেরও বিপুল পরিমাণ টাকা আটকে রয়েছে, যা বছর শেষে ক্ষতি সমন্বয়ের জন্যে শ্রেণীকরণ বা প্রভিশন আকারে দেখাতে হবে। নতুন ফান্ড গঠন করে এসব শেয়ার ইউনিট আকারে স্থানান্তর করলে গ্রাহক ও ঋণদাতা উভয়েই ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। এছাড়া সমন্বিত বাস্কেটে পোর্টফোলিওর নিরাপত্তা আরো বেশি নিশ্চিত করা যাবে।" সালমান এফ রহমান জানান, যেসব পোর্টফোলিও এই তহবিলে স্থানান্তর করা হবে, সেগুলোর ক্ষেত্রে অন্তত দুই বছর সুদ ও শ্রেণীকরণ স্থগিত করার জন্যে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানানো হবে। এফবিসিসিআই সভাপতি এ বিষয়ে সবার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করবেন। "এই ব্যবস্থায় তহবিলের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ শেয়ারগুলোর লেনদেন করতে পারবেন। ফলে সেগুলো আর আটকে থাকবে না। আবার ঋণদাতা প্রতিষ্ঠানকেও ঋণের শ্রেণীকরণ করতে হবে না। বিনিয়োগকারীরা সুদ বৃদ্ধির সমস্যা থেকে মুক্তি পাবেন, ফোর্সড সেলের সমস্যাও আর থাকবে না", যোগ করেন তিনি। সালমান এফ রহমানের ভাষায়, এই ব্যবস্থায় একটি 'উইন-উইন সিচুয়েশন' তৈরি হবে। অবশ্য এই তহবিল গঠনের মধ্য দিয়েই বাজার স্থিতিশীল হয়ে যাবে- এমন আশা করা ঠিক হবে না বলে মনে করেন বিএপিএলসির সভাপতি। তিনি বলেন, "বাজার স্থিতিশীল করতে হলে অনেকগুলো কাজ করতে হবে। এসইসি, ডিএসইসহ সবাই মিলে আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে অনেকগুলো পদক্ষেপও নেওয়া হয়েছে।" এরপরও বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না কেন জানতে চাইলে এই ব্যবসায়ী নেতা বলেন, "আমরা সবাই বাজার পরিস্থিতির উন্নতিতে চেষ্টা করছি। তবে যে কোনো একটা পদক্ষেপেই সব ঠিক হয়ে যায় না। প্রয়োজন অনুযায়ী সব চেষ্টাই করা হচ্ছে। দেশের পুঁজিবাজার ক্রমাগত পড়ে যাবে- এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না।" ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বলেন, "বাংলাদেশ ফান্ড বা প্রচলিত মিউচুয়্যাল ফান্ডের সঙ্গে বাজার স্থিতিশীলকরণ তহবিলের কিছু পার্থক্য রয়েছে। এটি আসলে সরাসরি টাকা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করছে না। স্বেচ্ছাভিত্তিতে যে কেউ পোর্টফোলিওর বিনিময়ে এই ফান্ডের ইউনিট নিতে পারবেন। বিনিময়ে তার পোর্টফোলিও তহবিলটি নিশ্চিত হচ্ছে।" দেশের দুই স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস, বাংলাদেশ ইনসুরেন্স অ্যাসোসিয়েশনসহ সংশি¬ষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জেকে/১৯৫৫ ঘ.