২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামচন্দ্রপুর খালে স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালে পঞ্চম দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ওয়াসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালে পঞ্চম দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ওয়াসা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ বিষয়ে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযান শুরুর পর এ পর্যন্ত খালের উপর গড়ে ওঠা দুই শতাধিক ঘর এবং খালের পাড়ে ১৪/১৫টির মতো ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।" মোহাম্মদপুরের শিয়া মসজিদের পশ্চিম দিকে নবদয় হাউজিংয়ের ঢাল থেকে গাবতলী পর্যন্ত এ খালের দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। এর দুই পাড়ে অবৈধভাবে প্রায় দুই শতাধিক বস্তি ঘর গড়ে উঠেছে। ম্যাজিস্ট্রেট ওয়াছিউদ্দিন জানান, ১৪/১৫টি দুই থেকে ছয় তলা পর্যন্ত ভবনের কিছু অংশ খালের মধ্যে ছিলো। এগুলো ভাঙা হয়েছে। খালের বাকি অবৈধ স্থাপনা বৃহস্পতিবার উচ্ছেদ করা হবে। গত বছরের ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে ঢাকা ও এর আশপাশের অবৈধ খাল দখলমুক্ত করার জন্য ঢাকা ওয়াসা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এর অংশ হিসেবে গত বছরের ৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুর খালসহ আরো দুটি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা ওয়াসা। এর পর ১৮ অক্টোবর কর্তৃপক্ষ এই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলেও অবৈধভাবে বসবাসকারীরা নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে তাতে বাধা দেয়। এ কারণে সে সময় উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৮৪৬ ঘ.