২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পূজার ছুটি দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পূজার ছুটি দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে বিকালে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক মো. মেসবাহ উদ্দিন এ কথা জানান। বৃহস্পতিবার থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানান তিনি। বিকালে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। অভ্যন্তরীণ উৎস থেকে ব্যয় সংস্থানের আইনটি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে, অভ্যন্তরীণ ব্যয় বাড়াতে গিয়ে তাদের ফি বেড়েছে ছয় গুণ। এ দাবিতে গত রোববার থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রোববার থেকেই বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। ওই সময় ফটকের সামনে পুলিশ ছিলো। শিক্ষার্থীদের ধাওয়ার মুখে পুলিশ ফটক থেকে সরে পাশের ভিক্টোরিয়া পার্কে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি বরাদ্দ ছাড়াও শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের বেদখল হলগুলো উদ্ধার, গ্রন্থাগার স্থাপন, পরিবহন সুবিধা বাড়ানো ইত্যাদি। আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়। সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা এবং জগন্নাথে সরকারি অর্থায়ন বন্ধের একটি খবর সংবাদপত্রে ছাপা হলে গত রোববার বিক্ষোভে ফেটে পড়ে জগন্নাথের শিক্ষার্থীরা। সেদিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। পুলিশ তাদের লাঠিপেটা করলে ব্যাপক গাড়ি ভাংচুর হয়। এরপর সোমবারও বিক্ষোভ চলে। বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি ও শাহবাগ থানায় দুটি মামলা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয় পড়–য়া ১৫ সাংবাদিকসহ ৫৯ জনকে আসামি করা হয়েছে। কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে ছাড়া পেয়েছে। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে এর আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, পাঁচ বছর বছর পর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার শিক্ষা প্রতিষ্ঠানটিকেই বহন করতে হবে। শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে কয়েক বছর ধরে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সমর্থন রয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইনের এ জটিলতার সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরএ/১৬১৫ ঘ.