বরগুনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতির পর ৪১ জেলেকে অপহরণ করেছে জলদুস্যরা।
বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে ভেদাখালী খালে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে ফিরে আসা জেলেরা জানিয়েছে।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মর্তুজা ও আল আমিন বাহিনীর ৪০/৫০ জনের সশস্ত্র জলদস্যু জেলে বহরে হামলা চালায়।
জলদস্যুরা ট্রলারের সব মাছ-জাল ও জ্বালানি তেল কেড়ে নেয়। পরে প্রতি ট্রলার থেকে এক জন করে জেলেকে তুলে নিয়ে যায়।
অপহৃতদের অধিকাংশের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া এবং বাগেরহাটের রায়েন্দায় বলে মান্নান মাঝি জানান।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "এ ধরনের একটি খবর শুনেছি, ফিরে আসা জেলে ও ট্রলার মালিক সমিতির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এর আগেও মুক্তিপণের দাবিতে বিভিন্ন ট্রলার থেকে জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে। পাথরঘাটা মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর নুরুল আমিন বলেন, অপহৃতদের ছাড়িয়ে আনতে জেলে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩২৭ ঘ.
bdnews24