বাগেরহাট, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
সোমবার রাতে মধ্য খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মেয়েটি (৮) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে।
তার মা সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী নেছার উদ্দিন আকনের ছেলে রুবেল আকন (২২) তার মেয়েকে বাড়ি থেকে ডেকে পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে।
পরে তার চিৎকারে লোকজন এসে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক বিদ্যুৎ কান্তি পাল জানান, মেয়েটির শরীরে পাওয়া আলামত সংগ্রহে রাখা হয়েছে।
বুধবার তার ডাক্তারি পরীক্ষা হবে বলে জানান ওই চিকিৎসক।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, সোমবার রাতেই মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেলকে আসামি করে মামলা করেছেন।
মঙ্গলবার বাগেরহাটের জেষ্ঠ্য বিচারিক হাকিম রাফিয়া ইসলাম মেয়েটির জবানবন্দি গ্রহণ করেছেন।
রুবেলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩১ ঘ.
bdnews24