ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগ অস্বীকার করে আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খান বলেছেন, পত্রিকাটি 'ডাকাতির' জন্য ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার নাইমুল ইসলামের বিরুদ্ধে ঢাকার আদালতে এই প্রতারণার মামলা করেন বিএনএস গ্র"পের চেয়ারম্যান এমএনএইচ বুলু।
এ ব্যবসায়ীর অভিযোগ, পত্রিকার শেয়ার দেওয়ার কথা বলে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন নাইমুল ইসলাম খান।
মামলার প্রতিক্রিয়ায় নাইমুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলা আমাদের সময় আমার হাত থেকে ডাকাতির ষড়যন্ত্রের একটি অংশ বলে আমার মনে হচ্ছে।"
মামলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
ষড়যন্ত্রের কথা বললেও তা কারা করছে, তা স্পষ্ট করেননি আমাদের সময়ের সম্পাদক।
এ মামলায় নাইমুল ইসলামকে ১৭ নভেম্বর আদালতে তলব করেছে আদালত। এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
আমাদের সময়ের আগে অন্তত তিনটি দৈনিক পত্রিকা নাইমুল ইসলাম খানের হাত ধরে প্রকাশ হয়। দুই দশক আগে আজকের কাগজ প্রকাশের মাধ্যমে পাঠকদের নতুন রুচির সঙ্গে পরিচয় করিয়ে দেন নাইমুল ইসলাম।
সর্বশেষ আমাদের সময়ের ক্ষেত্রে নতুন একটি ধারার সূচনা করেন নাইমুল। মাত্র দুই টাকায় আট পৃষ্ঠার একটি দৈনিক প্রকাশ করে কিছু দিনের মধ্যেই বিক্রিতে বেশ সফলতা দেখান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭১১ ঘ.
bdnews24