২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাসদস্য হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বটন কান্তি বড়–য়া হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 10:01 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বটন কান্তি বড়–য়া হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মোতাহার হোসেন তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর জেলার শ্রীবর্দী থানার উত্তরষাট কাকড়া গ্রামের কবিরাজ হাবিবুর রহমান এবং হাবিবুরকে ভেষজ দ্রব্য সরবরাহকারী ঝিনাইগাতি থানার খৈলকুড়া গ্রামের মো. বাবুল মিয়া। বাবুল পলাতক। পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার তোফাজ্জল এবং সামেলা বেগম। তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা ও রায়ের বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৪ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে কোনো এক দিন বটন কান্তি ঢাকা সেনানিবাস থেকে ছুটি নিয়ে শেরপুরে হাবিবুরের বাড়িতে ৯০ হাজার টাকা নিয়ে ওষুধ আনতে যান। কবিরাজ হাবিবুরসহ অন্য আসামিরা বটনকে হত্যা করে হাবিবুরের বাড়ির পাশের একটি ঘরে লাশ মাটি চাপা দেয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই ছোটন বড়–য়া পুলিশের সাহায্যে লাশ উদ্ধার করে শ্রীবর্দী থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/আরএ/১৫৫১ ঘ.