চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।
মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলা সদরের এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
আলমডাঙ্গা কলেজ পাড়ার আব্দুল বারির ছেলে এবং আলমডাঙ্গা পাইলট বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বায়েজিদ আহমেদ রাজিব (১৩) সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কলেজ পাড়ায় স্থানীয় বিদ্যুৎ অফিসের পাশের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) শেখ মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার পর সকাল ৯টার দিকে পাঁচ-ছয়শ' উত্তেজিত জনতা বিদ্যুৎ অফিস ঘেরাও করে।
এক পর্যায়ে জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালাতে উদ্যত হলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে।
পরে জনতা আলমডাঙ্গা রেল স্টেশনে একটি আন্তঃনগর ট্রেনকে কিছুক্ষণ আটকে রাখে বলে জানান এসপি।
সংঘর্ষে আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।
পুলিশ কর্মকর্তা মিজান দুপুরে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আলমডাঙ্গা পৌর এলাকায় র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুত অফিসের গাফিলতির কারণেই রাজিব মারা গেছে। স্কুলের ছাত্র ও এলাকার জনতা বিক্ষোভ করছে।
"বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কার্যকলাপে এলাকার লোকজন আগে থেকেই বিক্ষুব্ধ ছিলো। তারই বহিঃপ্রকাশ ঘটেছে সকালে," বলেন তিনি।
মেয়র দাবি করেন, পুলিশের মারপিটে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বাপ্পী (১৬) ও আকাশ (১৩) নামের দু'ছাত্রও এর মধ্যে রয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নোয়াব আলী জানান, উত্তেজিত জনতা সকাল ১০টার দিকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি আধঘণ্টা আটকে রাখে।
আলমডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা প্রশান্ত কুমার (৪০) জানান, রাজীবের লাশ তার পরিবারের লোকজন বাসায় নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৫৭ ঘ.
bdnews24