ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের জনসভার কারণে মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় ব্যাপক যানজট। এতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। অবস্থা আঁচ কতে পেরে কেউ কেউ সন্তানদের স্কুলেও পাঠাননি।
পল্টন ময়দানে অনুমতি না পেয়ে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকেলে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভার কারণে কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় এ সড়কে চলাচলকারী সব গাড়িকে পুরানা পল্টন দিয়ে মতিঝিল যেতে হয়েছে।
মালিবাগের গাড়ি ব্যাবসায়ী আসফাক হোসেন বেলা সাড়ে ১২টার দিকে সোনারগাঁ হোটেলের সামনে যানজটে আটকা পড়েন। এখান থেকে মালিবাগ পৌছাতে তার সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা।
তিনি বলেন, স্বাভাবিকভাবে ৩০ মিনিট সময় লাগলেও আজ অতিরিক্ত যানজটের কারণে এতো বেশি সময় লাগলো।
অবশ্য একদিন আগেই পল্টন ময়দান বরাদ্দ না দেওয়ায় সড়কে সমাবেশের কারণে যানজটের জন্য সরকারকে দায়ী থাকবে বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা জানিয়েছেন, সকাল থেকে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে অনেক বাস ঢাকায় আসায় গাড়ির চাপ অনেক বেড়ে যায়। ফলে মতিঝিল থেকে পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, শাহবাগ হয়ে ফার্মগেট পর্যন্ত সড়কে গাড়ি চলেনি বললেই চলে।
এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে রওনা হওয়ায় বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়।
নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী সাদমান দোহা অংশু জানান, অতিরিক্ত যানজটের কারণে তিনি সময়মতো ক্লাসে পৌঁছতে পারেননি।
তিনি বলেন, সোয়া ১১টায় হাতিরপুল থেকে রওয়ানা হয়েছিলাম কিন্তু ৪৫ মিনিটের পথ পেরোতে প্রায় ২ঘণ্টা সময় লেগে যায়। কলেজ শেষে বাড়ি ফেরার সময় বিকল্প পথে ফিরতে হবে।
নয়াপল্টন এলাকায় বসবাসরত চাকুরীজীবী আশরাফুল ইসলাম স্কুল থেকে দ্ইু সন্তানকে নিয়ে ফিরছিলেন। কিন্তু মহাসমাবেশের পরিধি নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফকিরাপুল পানির টেংকি পর্যন্ত পৌঁছে যাওয়ায় আরামবাগ মোড় থেকে তিনি রিকশা ঘোরাতে বাধ্য হন। বিরক্তির স্বরে তিনি বলেন, হরতাল সমাবেশ যাই হোক না কেন দুর্ভোগ শেষ পর্যন্ত সাধারণ মানুষেরই।
এ ছাড়া আরামবাগ এলাকার অনেকের সঙ্গে কথা বলেন জানা যায়, যানজট এবং অনাকাঙ্খিত ঝামেলা এড়াতে অনেকেই তাদের সন্তানদের স্কুলে পাঠাননি।
জনসভার কারণে কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত এলাকায় যান চলাচল ছিলো বন্ধ। ফলে মালিবাগ থেকে মগবাজার, রাজারবাগ এবং বেইলিরোড এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া মতিঝল থেকে পুরানা পল্টন, প্রেসক্লাব, শাহবাগ হয়ে ফার্মগেট পর্যন্ত যানজটের তীব্রতা ছিলো লক্ষণীয়। ঢাকার বিভিন্ন এলাকা এবং পাশের জেলাগুলো থেকে সমাবেশে যোগ দিতে আসা মিছিলের কারণে ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর, রাজস্ব ভবনের সামনের রাস্তায় শত শত গাড়ি আটকে ছিলো ঘণ্টার পর ঘণ্টা। এসব এলাকার মধ্যে ফকিরাপুল, বিজয়নগর এবং কাকরাইল মোড়ে বড় পর্দায় সরাসরি সমাবেশ দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এমআই/এএল/১৯২৯ ঘ.
bdnews24