মেহেরপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেন্সিডিল উদ্ধারের একটি সংবাদ প্রকাশের জেরে মেহেরপুর শহরে এক স্থানীয় সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার এ ঘটনায় গুরুতর আহত হন দৈনিক ভোরের ডাক'র মেহেরপুর প্রতিনিধি মহসিন আলী।
তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মহসিনের স্ত্রী মুনিরা পারভীন বাদী হয়ে মেহেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন মেহেরপুর শহর যুবলীগকর্মী মাহাফুজুর রহমান রিটন ও লিখনসহ ২০/২৫ জন।
মেহেরপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শাহরিয়ার জানান, রোববার (২৫ সেপ্টেম্বর) র্যাব মেহেরপুর শহরের একটি দোকান থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ শিপু নামে একজনকে আটক করে।
খবরটি সোমবার স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হলে কিছু লোক মহসিনকে হত্যার হুমকি দেয়।
আহত সাংবাদিকের স্ত্রী মুনিরা পারভীন জানান, প্রথমে কয়েকজন লোক মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেয়। কিন্তু মহসিন আলী সংবাদটি তিনি দেননি বলে তাদের জানিয়েছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আখতার-উজ্জামান জানান, মহসিন আলী তার প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। সকাল সাড়ে ১১টার দিকে তার অফিসে বসে মহসিন আলীসহ কয়েকজন শিক্ষককে নিয়ে তিনি বৈঠক করছিলেন।
ওই সময় ২০/২৫ জন যুবক অফিসে ঢুকে মহসিনকে কিল ঘুষি মারতে মারতে ধরে নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ওসি জহুরুল আলম জানান, এই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে মেহেরপুরের সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে ঘটনার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ করেন।
তারা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।
এরমধ্যে রয়েছে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মেহেরপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন এবং জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছে স্বারকলিপি প্রদান, বুধবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মৌন মিছিল এবং বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৯ ঘ.
bdnews24