২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের সভা বন্ধ, আইভীকে চিঠি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের সভা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের সভা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের আরেক সম্ভাব্য প্রার্থী সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সর্তক করে চিঠি দিয়েছে কমিশন। সোমবার সন্ধ্যায় শহরের জামতলায় একটি কমিউনিটি সেন্টারে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি প্রায় দুইশ' নারী নিয়ে একটি সভা আয়োজন করেছিলেন। অন্যদিকে শহরের দেওভোগ এলাকায় শামীম ওসমানের সমর্থনে রফিকুল ইসলাম ও তোফাজ্জল হোসেন মুকুল নামে দুই ব্যক্তি আরেকটি সভা আয়োজন করেছিলেন। তবে পুলিশ যাওয়ার আগে তা শেষ হয়ে যায়। সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, সন্ধ্যায় জামতলায় শামীম ওসমানের সমর্থনে তার স্ত্রী সালমা ওসমান লিপি একটি মহিলা সভার আয়োজন করেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সভাটি বন্ধ করে দেন। নির্বাচনী বিধি অনুযায়ী কমিউনিটি সেন্টার ভাড়া করে কখনো সভা করা যাবে না। তবে ৯ অক্টোবর থেকে প্রার্থীরা পথসভা করতে পারবেন। নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন আরো বলেন, অন্যদিকে দেওভোগে শামীম ওসমানের আরেকটি সমাবেশের খবর পেয়ে সেখানে যাওয়ার আগেই সমাবেশ শেষ হয়ে যায়। সেখান থেকে ১০টি চেয়ার জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, সংবাদ সম্মেলন করার অভিযোগে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সর্তকীকরণ চিঠি দেওয়া হয়েছে। এর আগে রোববার আচরণবিধি লঙ্ঘন করে সভা আয়োজনের অভিযোগে শামীম ওসমান, জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকারকে সর্তকীকরণ চিঠি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে তৈমুর আলম খন্দকার রিটার্নিং অফিসারের কাছে তার বিরুদ্ধে অভিযোগের লিখিত জবাব দেন। এতে তিনি আচরণবিধি ভঙ্গ করেননি বলে দাবি করেন। এদিকে মনোনয়নপত্র কিনতে শুরু করেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা। সোমবার দুপুর পর্যন্ত মেয়র পদে ৪ জন মনোনয়নপত্র কিনেছেন। এরা হলেন জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার, সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াত আইভী, আওয়ামী ওলামা লীগের বহিষ্কৃত সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী ও শহরের তল্লা এলাকার বাসিন্দা আতিকুল ইসলাম জীবন। কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই শতাধিক প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল হয়েছে। আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণের দিন ঠিক ধার্য করা হয়। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নবগঠিত এ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ৪-৫ অক্টোবর এবং ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। গত মে মাসে নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২১ ঘ.