২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রটোকলে অনুসমর্থন করলেই ছিটমহল বিনিময়'

স্থলসীমা নিয়ে স্বাক্ষরিত প্রটোকলে বাংলাদেশ-ভারত অনুসমর্থন করলেই ছিলমহল বিনিময় দ্রুত সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থলসীমা নিয়ে স্বাক্ষরিত প্রটোকলে বাংলাদেশ-ভারত অনুসমর্থন করলেই ছিলমহল বিনিময় দ্রুত সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার। সোমবার সচিবালয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক রমন শ্রীবাস্তব স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শ্রীবাস্তবের নেতৃত্বে ভারতের ছয় সদস্যর প্রতিনিধি দল অংশ নেন। বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রসচিবও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। কবে নাগাদ ছিটমহল বিনিময় হবে- এ প্রশ্নের জবাবে সোবহান শিকদার বলেন, "নির্দিষ্ট কোন সময় বলা যাবে না, তবে যথা সম্ভব দ্রুততার সঙ্গে বিনিময় প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হচ্ছে।" গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ঢাকায় স্থলসীমা নিয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এ ছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এ প্রটোকলের আওতায়। তবে প্রটোকলে ছিটমহল বিনিময় বিষয়ে নির্দিষ্ট সময় বা প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই- এমন অভিযোগে দুই দেশের ছিটমহলের নাগরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তাদের আশঙ্কা, বিষয়টি আবারো ঝুলে গেছে। বৈঠক প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, "আগামী ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবিঘা করিডোর পরিদর্শনে যাবেন। সে ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য রমন শ্রীবাস্তবের সঙ্গে আলোচনা হয়েছে।" এদিকে সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ঢাকায় শুরু হয়েছে। সম্মেলন প্রসঙ্গ সাহারা জানান, আলোচনা ফলপ্রসু হচ্ছে। আশাকরি সীমান্তের সব সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এ ছাড়া গত ৩০ জুলাই ভারতের সঙ্গে বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান স্বাক্ষরিত হওয়ার পর থেকে সীমান্তে বিএসএফের হাতে কোনো হত্যার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। মন্ত্রী আরো জানান, সীমান্ত এলাকার ফেন্সিডিল কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএসএফ সদস্যদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, যারা এ কাজ করেছে ইতোমধ্যে তাদের শাস্তি দেওয়া হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৭৫৭ ঘ.