ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপক্ষ মামলার প্রয়োজনীয় নথি হাজির করতে ব্যর্থ হওয়ায় শিশু সামিউল হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি চতুর্থবারের মতো পিছিয়েছে। আগামী ১৩ অক্টোবর শুনানির নতুন তারিখ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জেসমিন আনোয়ার এই তারিখ নির্ধারণ করেন।
প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে ব্যর্থতার কারণে গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর রফিকুজ্জামান টিপুকে একই বিচারক সতর্ক করে দিয়েছিলেন।
এর আগে ৯ অগাস্ট এ মামলার দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করতে না পারায় শুনানি পিছিয়ে যায়। তবে সোমবার আদালতে দুই আসামিকে হাজির করা হয়।
সামিউলের মা আয়েশা হুমায়রা এশার (২৫) সঙ্গে শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর (৩৮) নামে এক ব্যক্তির পরকিয়া সম্পর্কের জের ধরে গত বছরের ২৩ জুন রাজধানীর আদাবরে খুন হয় সামিউল। এ ঘটনায় তার বাবা কে আর আজম (৪২) আদাবর থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে এশা ও বাক্কুর বিরুদ্ধে মামলা করেন।
বাক্কু এরইমধ্যে ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার ওসি কাজী শাহান হক গত বছরের ২৫ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪২২ ঘ.
bdnews24