ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সোমবার ঢাকায় শুরু হয়েছে।
সকাল সাড়ে ১০টায় পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সম্মেলনের উদ্বোধন হয়।
সম্মেলন বসার আগে বিজিবির পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধিই এবারের সম্মেলনের মূল লক্ষ্য।
সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হত্যা-আহত করা, বাংলাদেশে অনুপ্রবেশ, বাংলাদেশীদের ধরে নিয়ে যাওয়া, অপহরণ করা, মাদক চোরাচালান বন্ধ করা, সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ না করাসহ বিভিন্ন বিষয়ে এ সম্মেলনে আলোচনা হবে বলে জানান তিনি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফের মহাপরিচালক রমন শ্রীবাস্তবের নেতৃত্বে ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল রোববার বিকাল সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছান।
সম্মেলনে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন।
আগামী ৩০ সেপ্টেম্বর জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স (জেআরডি) স্বাক্ষর এবং সংবাদ বিফ্রিংয়ের মাধ্যমে সম্মেলন শেষ হওয়া কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩১০ ঘ.
bdnews24