সিলেট, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ আদেশ দেন।
সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ সাংবাদিকদের এ তথ্য জানান।
২০০৪ সালের ২৫মে সিলেটে হযরত শাহজালাল'র (রহ.) মাজার জেয়ারত করতে আসেন। জুমার নামাজ শেষে মাজার থেকে বের হয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি গ্রেনেড হামলার শিকার হন।
হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং তিনিসহ অর্ধশতাধিক আহত হন।
এ ঘটনায় বিস্ফোরক ও হত্যার ঘটনায় সিলেটে দু'টি মামলা হয়। রোববার বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ চলছিল।
এ মামলার সাক্ষ্য গ্রহণের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ মামলার অধিকতর তদন্তের জন্য আদালতে একটি আবেদন করেন।
এতে বলা হয়, মামলার তদন্তে গ্রেনেড হামলাকারী আসামি শনাক্ত হলেও তাদের 'মদদদাতা' শনাক্ত হয়নি। ঘটনার পরিপূর্ণ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে এই গ্রেনেড হামলার মদদদাতাদের বের করতে পুনঃতদন্ত প্রয়োজন।
শুনানিতে আইনজীবী মিসবাহউদ্দিন সিরাজ আরো বলেন, গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। মুফতি হান্নানের স্বীকারোক্তিতে জঙ্গি হামলার বিষয়টি প্রকাশ পায়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি ও মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা মুন্সি আতিকুর রহমানের নেতৃত্বে ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম বিপুলসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেন।
ওই বছরের ১৫ অক্টোবর বিপুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে গ্রেনেড হামলার দায়িত্ব স্বীকার করেন।
বিপুলের জবানবন্দির বরাত দিয়ে পুনঃতদন্তের আবেদনে বলা হয়, বিপুল সিলেটে এক রাজনৈতিক নেতার আশ্রয়ে থেকে হরকাতুল জিহাদের জঙ্গি কর্মকা- চালিয়ে যান। তাকে মদদদানকারীদের বিচারের আওতায় না আনলে জঙ্গি হামলার মূলোৎপাটন করা সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৯ ঘ.
bdnews24