গাজীপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিএম'র অপসারণ ও ছুটিতে কাজ করা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।
রোববার দুপুরে এ বিক্ষোভের সময় 'স্প্যারো অ্যাপারেলস'র শ্রমিকরা একঘণ্টা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধও করে।
পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে সাড়ে ৩টার দিকে যান চলাচল স্বভাবিক হয়।
গাজীপুর জোনের শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি আপারেশন) দেওয়ান লালন আহাম্মেদ জানান, গেলো ঈদের আগে কারখানাটির জিএম জাবেদ আলীকে অপসারণ করে আবুল কাশেমকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু নতুন জিএম শ্রমিকদের সঙ্গে দুর্ব্যহার করেন বলে অভিযোগ করে শ্রমিকরা তার অপসারণ দাবি করে।
এছাড়া শ্রমিকদের সঙ্গে সমঝোতার মাধ্যমে ঈদে নয় দিন ছুটি দেওয়া হয়। কথা ছিল কারখানা খোলার পরবর্তী তিনটি বন্ধের দিনে শ্রমিকরা কাজ করে দেবে।
কিন্তু শ্রমিকরা ঈদের পর এ শর্ত না মানলে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ হয়।
এসব ঘটনার জেরে দুপুরের খাবারের বিরতির পর আড়াইটার দিকে কারখানার পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়।
বিকাল পৌনে ৪টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খবর পেয়ে কারখানার মালিক সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম কারখানা পরিদর্শনে আসেন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম সাংবাদিকদের জানান, শ্রমিকদের দাবি দাওয়া মেনে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24