মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলায় সৌদি আরব ফেরত এক ব্যক্তি খুন হয়েছেন।
নিহতের নাম আব্দুর রাজ্জাক ব্যাপারী (৫৫)। রোববার প্রথম প্রহরে মাকহাটির রাস্তার পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, রাজ্জাক মারা গেছেন।
নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে সদর থানার সহকারী উপরিদর্শক (এএসআই) আব্দুল আলিম জানিয়েছেন।
পুলিশের ধারণা, দুই ছেলে ও এক মেয়ের জনককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাজ্জাক ব্যাপারী ১৩ বছর সৌদি আরবে ছিলেন। কয়েক মাস আগে দেশে ফিরে সদর উপজেলার রামারচর গ্রামের শ্বশুরালয়ে থাকছিলেন তিনি। তার পৈত্রিক বাড়ি পাশের গ্রাম নোয়াদ্দা ঢালীকান্দি।
নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম সাংবাদিকদের জানান, পৈত্রিক জমিজমা বর্গা ও ভাড়া দিতে তিন দিন আগে নোয়াদ্দা ঢালীকান্দি গ্রামে যান রাজ্জাক।
রাজ্জাককে কী কারণে হত্যা করা হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে বলে এএসআই আলিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.
bdnews24