ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ভিডিওচিত্র ধারণের পর টাকা দাবির ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়–য়া তিন শিক্ষার্থীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে র্যাবের নির্বাহী মেজিস্ট্রেট।
শনিবার দুপুরে মেজিস্ট্রেট আনোয়ার পাশা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত পারভেজ সরকার (২০) সাউথ ইস্ট বিশ্ববিদালয় এবং তার দুই বন্ধু মো. মাহবুব জামান (২১) ও উদয় শর্মা উজ্জল (২০) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ছাত্র।
পরে এক সংবাদ সম্মেলনে উপপরিচালক মো. আহসান কবীর জানান, মেয়েটি তার ভাইকে নিয়ে র্যাব কার্যালয়ে এসে অভিযোগ করলে র্যাবের একটি দল উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখান থেকেই ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ভিডিওচিত্রটিও উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আহসান কবীর জানান, মেয়েটির সঙ্গে পারভেজের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার পারভেজ তাকে মোবাইল ফোনে ডেকে ওই ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর দুই বন্ধুর সহায়তায় তাকে জোর করে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।
"এরপর তিন বখাটে মিলে মেয়েটির কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। মেয়েটি বাসায় ফিরে তার ভাইকে বিষয়টি জানানোর পর তারা আমাদের কাছে আসে।"
দুপুরে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারের পর তৎক্ষণিকভাবে আদালত বসিয়ে কারাদণ্ডের আদেশ দেন মেজিস্ট্রেট আনোয়ার পাশা।
সংবাদ সম্মেলনে উপস্থিত পারভেজ সাংবাদিকদের বলেন, মেয়েটি তার বন্ধুদের সম্পর্কে বাজে মন্তব্য করায় তারা এই কাণ্ড ঘটিয়েছে।
উত্তরার ওই ফ্লাটের কেয়ার টেকার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারভেজসহ চার 'ব্যাচেলারকে' চলতি মাসে ১২ হাজার টাকায় ফ্ল্যাটটি ভাড়া দেন তিনি। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে বাসায় ওঠার সময় জানিয়েছিল।
র্যাব কর্মকর্তা আহসান কবীর জানান, আদালত রায় অনুযায়ী পরে তিন বখাটেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/১৯০৪ ঘ.
bdnews24