ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ছেলের বউকে বিয়ে করেছেন ঠাকুরগাঁওয়ের এক ব্যক্তি, যা নিয়ে সন্তানসহ গ্রামবাসীর সমালোচনায় পড়েছেন তিনি।
সদর উপজেলার জামালপুর ইউনিয়নের রামপুর গ্রামের মজিবর রহমান (৫০) ছেলে হুমায়ুনের (৩০) স্ত্রী একই উপজেলার বরুনাগাঁও গ্রামের সুফিয়া আক্তারকে (২৫) বিয়ে করেছেন বলে গ্রামবাসী জানায়।
হুমায়ুন ও সুফিয়ার বিয়ে হয়েছিলেঅ ২ বছর আগে। মাস খানেক আগে সুফিয়া ও মজিবর গ্রাম থেকে উধাও হয়ে যায়। শুক্রবার তারা ফিরে বিয়ের কথা জানায়।
সুফিয়া ও হুমায়ুনের একটি শিশু সন্তানও রয়েছে। স্বামীর বাবাকে বিয়ে করার বিষয়ে সুফিয়া সাংবাদিকদের বলেন, "তিনি হুমায়ুনকে আগে তালাক দিয়েছেন। এরপর বিয়ে করেছেন মজিবরকে।
মজিবরের স্ত্রী বেবী (৪৫) জীবিত। হুমায়ুন ছাড়াও তাদের এক ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
মজিবরও বলেন, "তাকে বিয়ে করতে সুফিয়া সম্মত ছিলো। তাই হুমায়ুনকে তালাক দেওয়ার পর সুফিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছে।"
ইসলামী বিধান অনুযায়ী, ছেলের বউকে বিয়ে করা নিয়মবিরুদ্ধ। এ বিয়ের খবর শুনে গ্রামবাসী জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবিরুল ইসলামের কাছে এর প্রতিবিধান চেয়েছে।
চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে গ্রামের লোকজন তার কাছে এসেছিলো। তিনি তাদের সামাজিকভাবে বসে সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়েছেন।
সুফিয়ার আগের স্বামী হুমায়ুন সাংবাদিকদের জানায়, এলাকাবাসীর সাথে একমত হয়ে তিনি এর প্রতিকার চান।
"তবে বিষয়টি নিয়ে আমরা খুব জটিল সমস্যায় পড়েছি," বলেন আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক এমদাদুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24