মো. মহিউদ্দিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৪শ স্কুল-কলেজে শিক্ষার মানোন্নয়নসহ অন্যান্য বিষয় তদারকির জন্য পরিদর্শক আছেন মাত্র সাতজন। এছাড়া পরিদপ্তরের আওতায় আরো চারটি পরিদর্শক পদ থাকলেও সেগুলো খালি। এই পরিস্থিতিতে নিয়মিত তদারকি না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান দিন দিন কমছে বলেই মনে করেন শিক্ষক ও সংশ্লিষ্টরা।
সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম মহসিন আলী তার ২০ বছরের শিক্ষকতা জীবনে চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং কলেজিয়েট স্কুলে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ সময়ে শিক্ষার মান উন্নয়ন বা শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণে কাউকে কখনো পরিদর্শনে আসতে দেখেননি তিনি।
মহসিন আলীর মতে, বিদ্যালয়ের শিক্ষার মান কাঙ্খিত মাত্রায় না বাড়ার পেছনে পরিদর্শন বা তদারকি না হওয়াও একটি গুরুত্বপূর্ণ কারণ।
"তদারকি না হওয়াতে শ্রেণীকক্ষে পড়ালেখার মান কমেছে। ফলে কোচিং সেন্টার বা প্রাইভেট পড়ার প্রবণতা বাড়ছে শিক্ষার্থীদের", বলেন তিনি।
অথচ চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানান, বোর্ডের স্কুল শাখায় চারজন এবং কলেজ শাখায় তিনজন পরিদর্শক রয়েছেন। এছাড়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিদপ্তরে স্কুল ও কলেজ শাখার জন্য দুটি করে মোট চারটি পরিদর্শক পদ থাকলেও সেগুলো দীর্ঘদিন ধরে শূন্য।
অধিদপ্তরের উপ-পরিচালক আজিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্কুল-কলেজ পরিদর্শকের চারটি পদ দীর্ঘদিন ধরে খালি আছে। অন্য কর্মকর্তারা বিভিন্ন কাজের চাপে শিক্ষার মানন্নোয়নে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যেতে পারেন না।"
আপাতত শূন্য পদে নিয়োগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন আজিজ।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মহাসচিব ও নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ প্রতিষ্ঠানে আমি আছি ছয় বছর। এই সময়ে আমার স্কুল পরিদর্শনে আসেনি কেউ। শিক্ষার মান উন্নয়নের জন্য সবাই কথা বলেন, কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় না।"
এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার মানন্নোয়নে স্কুল-কলেজ পরিদর্শন খুবই জরুরি।
'এক সময় এ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হলেও স্কুল-কলেজে পরিদর্শনের বিষয়টিকে এখন আর সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না।'
চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, শিক্ষার মানন্নোয়নে পরিদর্শনের বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ছোটবেলায় স্কুল-কলেজ পড়ার সময় পরিদর্শকের দেখা পেলেও শিক্ষকতা জীবনের ২৪ বছরে কাউকে পরিদর্শনে আসতে দেখেনননি তিনিও। তবে বাৎসরিক অডিট বা অন্যান্য কাজে বেশ কয়েকবার কলেজে বোর্ডের কর্মকর্তারা এসেছেন বলে আনোয়ারা আলম জানান।
শিক্ষার্থীরা যাতে শিক্ষককে সবসময় পায় সেজন্য শিক্ষকদের প্রতিষ্ঠানেই বেশি সময় দেওয়া উচিত বলে মনে করছেন এই অধ্যক্ষ। শিক্ষকরা প্রতিষ্ঠানে ফাঁকি দিচ্ছে কি না- তা তদারকি করারও দাবি জানান তিনি।
একই দাবি জানান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ তাজুল ইসলামও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রতিষ্ঠানের অন্যান্য কাজে বোর্ডের কর্মকর্তারা পরিদর্শনে আসলেও শিক্ষার মানোন্নয়নে কখনো কলেজ পরিদর্শনে আসেননি।
পরিদর্শকরা যা বলেন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোর্ডের অধীনে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ১২শ স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানে পরিদর্শনের জন্য যে পরিমাণ লোকবল দরকার তা বোর্ডে নেই। এছাড়া বোর্ডের নিজস্ব গাড়ি না থাকায় পরিদর্শনে যাওয়াটা কঠিন।"
এই অবস্থায় অডিটসহ অন্যান্য কারণে শহরের স্কুলগুলোতে পরিদর্শন করা হলেও শিক্ষার পরিবেশ ও মান পর্যবেক্ষণে দূর-দুরান্তের প্রতিষ্ঠানগুলোতে যাওয়া হয় না বলেও স্বীকার করেন নাজিমুল ইসলাম।
অনুমতির 'বাধা'
স্কুল-কলেজ পরিদর্শনে যেতে হলে একজন পরিদর্শককে প্রথমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হুদার অনুমতি নিতে হয়। নিজ দায়িত্বে পরিদর্শনে গেলে সেই প্রতিবেদন বোর্ড গ্রহণ করে না। সেক্ষেত্রে যাতায়াতের কোনো টিএ-ডিএও দাবি করতে পারেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল এক আদেশ জারি করেন চেয়ারম্যান। তবে চেয়ারম্যানের কাছে আবেদনের মাধ্যমে অনুমতি গ্রহণ করে পরিদর্শনে যাওয়া যাবে বলেও যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এসইউ/জেকে/১৪২৫ ঘ.
bdnews24