সিলেট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে গ্রেপ্তারের পর র্যাবের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে নির্যাতনের অভিযোগ নাকচ করেছে র্যাব।
শনিবার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনোয়ার হোসেন মনির (২৮)।
তাকে গত ১৪ সেপ্টেম্বর নগরীর সোবহানীঘাট এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করে। প্রতারণার একটি মামলায় পরদিন তাকে সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়।
সিলেটের জৈন্তাপুর উপজেলার গিলাতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মনোয়ার নগরীর খাদিমপাড়া এলাকার বহর কলেনীতে থাকতেন। তার পরিবারের দাবি, গ্রেপ্তারের পর র্যাবের নির্যাতনই এ মৃত্যুর কারণ।
মনোয়ার জাতীয় পার্টি (জেপি) সমর্থিত যুবসংহতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও মোহনা সাংস্কৃতিক সংস্থার সভাপতি ছিলেন।
নিহতের ছোট ভাই আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, "মৃত্যুর আগে ভাই বলে গেছেন, তার ওপর অমানুষিক নির্যাতন করেছে র্যাব। তার পেটের তলায় বুট দিয়ে আঘাত করা হয়েছে। নির্যাতনের ফলে তার প্রস্রাব-পায়খানাও বন্ধ হয়ে যায়।"
এ অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে র্যাব-৯ এর কোম্পানি অধিনায়ক ফজলে শাহীন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাব গ্রেপ্তার করে সুস্থ অবস্থায় তাকে থানায় হস্তান্তর করেছে।"
নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
সুনামগঞ্জ জেলা কারাগারের এক কর্মকর্তা জানান, ১৯ সেপ্টেম্বর বিকালে মনোয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
র্যাব পরিচয়ে ভয় দেখানোর অভিযোগে ছাতক থানায় দায়ের একটি মামলার আসামি হিসেবে মনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছিলো।
ছাতক থানার ওসি শাহজালাল মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৫ সেপ্টেম্বর মনোয়ারকে থানায় হস্তান্তর করে র্যাব। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ওই সময় সে সুস্থ ছিলো।"
সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র্যাবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বহু পুরনো। দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনগুলো বহু দিন ধরে এ অভিযোগ করে আসছে। যদিও র্যাবের পক্ষ থেকে বরাবরই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24