ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মীনা দিবসের আলোচনায় নারী শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে বড়দের সচেতন করতেও এই কার্টুনের ভূমিকা তুলে ধরেছেন বক্তারা।
জাতিসংঘ সংস্থা ইউনিসেফের উদ্যোগে মীনা কার্টুনটি নির্মিত হয়েছে, এর প্রধান চরিত্র শিশু মীনা। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারী শিক্ষার প্রসারে সচেতনতা গড়ে তোলাই এ কার্টুনের লক্ষ্য।
১৯৯৮ সালে থেকে প্রতি বছর মীনা দিবস পালিত হয়ে আসছে। দিবসের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে- 'আদর øেহে হবে জয়, শাস্তিতে যা কভু নয়।'
দিবসটিতে শনিবার রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন বলেন, নারী শিক্ষার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন ইস্যুতে সামাজিক সচেতনতা সৃষ্টিতে মীনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
"আমি লক্ষ্য করেছি যে শিশুদের পাশাপাশি বড়রাও এই চরিত্রটিকে ভালবাসেন। চরিত্রটি শুধু শিশুদের নয়, বরং বড়দেরও সচেতন করে তুলতে সহায়তা করছে," বলেন তিনি।
বর্তমান প্রজন্মকে 'মীনার শিক্ষায়' শিক্ষিত হতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
প্রাতিষ্ঠানিক শিক্ষার সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, "বাস্তবতার নিরিখে যদি বলা যায়, তাহলে বলবো যে শুধু আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে সামাজিক পরিবর্তন আনা কঠিন। এছাড়া লোকবলের অভাব এবং আরো অনেক কারণে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনা খুবই দুরূহ।"
শিক্ষাকে দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের অঙ্গিকারের কথা স্মরণ করেন মন্ত্রী। এক্ষেত্রে এনজিওগুলোর কার্যক্রমেরও প্রশংসা করেন তিনি। তবে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইউনিসেফের উদ্যোগে হান্না বারবারা এবং ভারতের রামমোহন স্টুডিওর যৌথ সহযোগিতায় ১৯৯১ সালে কার্টুন চরিত্র হিসেবে মীনা আত্মপ্রকাশ করে।
শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন এবং বাল্যবিয়ে, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশু শ্রম, যৌতুক প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ পর্যন্ত ১৩টি মীনা অ্যানিমেশন ফিল্ম নির্মাণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/কিউএইচ/১৪৪৫ ঘ.
bdnews24