ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
আসকের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার রাতে ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশের বর্তমান মানবাধিকার অবস্থা খুব সুখের নয় উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, "বাংলাদেশকে এমন একটি দেশে পরিণত করতে হবে যেখানে কোনো প্রকার বৈষম্য, বঞ্চনা ও নির্যাতন থাকবে না।"
মানবাধিকার ও আইন সহায়তা দানকারী সংগঠন-আসক ১৯৮৬ সালের ২০ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। ২৫ বছর পূর্তি উদযাপনে 'প্রতিজ্ঞায় প্রত্যয়ে প্রতিবাদে প্রতিকারে'- স্লোগান সামনে রেখে দুদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে তারা। প্রথম দিন শুক্রবার দুপুরে এর কর্মীরা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে ছায়ানট ভবন পর্যন্ত একটি আনন্দ শোভাযাত্রা বের করে।
রাতে ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রীলঙ্কার মানবাধিকার কর্মী সুনীলা আবিসেকারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা জরুরি।
"সমতা, ন্যায়বিচার ও শান্তির জন্য সবাইকে কাজ করতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গণমাধ্যমের মাধ্যমে মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।"
অনুষ্ঠানে আসকের ২৫ বছর পূর্তির প্রকাশনা 'আত্মপ্রতিকৃতি'র মোড়ক উন্মোচন করেন সুনীলা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জাম বলেন, "দেশে মানবাধিকার লংঘিত হচ্ছে। বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি।"
দেশে আজো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "সালিশ ভয়ঙ্কর ব্যাপারে পরিণত হয়েছে, যা মেয়েদের আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে।"
তিনি বলেন, সমাজে ভালো দৃষ্টান্তের অভাব রয়েছে। দেশে মানবাধিকার লংঘনের হারও দিন দিন বাড়ছে।
আসকের প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জেড আই খান পান্না, প্রতিষ্ঠাতা সদস্য এম এ খালেক ও মানবাধিকার কর্মী মাহবুবা বেগম বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৪৫৪ ঘ.
bdnews24