২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এবার পূজা হবে ১৯৬ মণ্ডপে

ঢাকা মহানগরীতে এ বছর ৪১টি থানার মধ্যে ৩১টি থানায় মোট ১৯৬টি মণ্ডপে দুর্গাপূজা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীতে এ বছর ৪১টি থানার মধ্যে ৩১টি থানায় মোট ১৯৬টি মণ্ডপে দুর্গাপূজা হবে। আগামী ২ অক্টোবর শুরু হবে শারদীয় দুর্গোৎসব। চার দিন পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা শুক্রবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, গত বার ১৯৩টি মণ্ডপে পূজা হয়েছিলো। এবার সার্বিকভাবে তিনটি মণ্ডপ বেড়েছে। নতুন ১০টি মণ্ডপ যোগ হলেও পুরনো সাতটিতে হচ্ছে না। পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানান তিনি। পূজামণ্ডপের নিরাপত্তায় সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান বীরেশ। আর সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাসও মিলেছে বলে জানান তিনি। প্রতি বছর মূর্তি ভাংচুরের কয়েকটি ঘটনা ঘটলেও এবার এখন পর্যন্ত সে ধরনের কিছু ঘটেনি বলে জানান মহানগর পূজা কমিটির সভাপতি। সারাদেশব্যাপী আয়োজিত এ উৎসব তদারকের দিক তুলে ধরে বীরেশ বলেন, "পুরো বাংলাদেশের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগরীর জন্য মহানগর সার্বজনীন পূজা কমিটি একটি সেল গঠন করবে। কোথাও কোনো ধরনের সমস্যা হলে তারা এই কমিটির সঙ্গে যোগাযোগ করলে সমাধানের ব্যবস্থা করা হবে।" তবে পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজিমপুর সরকারি কলোনি, সুত্রাপুরের মৈশুণ্ডি ২২২ নম্বর লক্ষ্মীকান্ত জনার্ধন জিউ মন্দির, মিরপুর ২ নম্বরে কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপ এবং ভুশির গলি শিব মন্দির- এ চারটি মণ্ডপ স্পর্শকার। স্থানীয় কিছু ভুমিদস্যুরা কিছুটা সমস্যা করছে। এ স্থানগুলোতে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত হবে বলে তিনি জানান। দুর্গাপূজার সময়সূচি এবং আনুষ্ঠানিকতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত রাম রতন চক্রবর্তী। আগামী ২৭ সেপ্টেম্বর 'মহালয়া' অর্থাৎ এদিন দেবীকে স্মরণ করে ঘট স্থাপন করা হবে। ২ অক্টোবর ষষ্ঠীতে দেবীকে আগমনের জন্য আহ্বান করা হবে। ৩ অক্টোবর মহাসপ্তমীতে দেবীকে গৃহে আমন্ত্রণ করা হবে। ৪ অক্টোবর মহাষ্টমীতে দেবীর কাছে শক্তি প্রার্থনা করা হবে। ৫ অক্টোবর মহানবমীতে সকল অশুভ শক্তিকে দূর করার জন্য দেবীর কাছে প্রার্থনা করা হবে এবং ৬ অক্টোবর বিজয় দশমীতে বিজয় অর্জনের মাধ্যমে দেবীকে বিসর্জন দেওয়া হবে। রাম রতন বলেন, "এবার দেবী গজে (হাতি) করে আগমন করবেন এবং দোলায় (পালকি) প্রস্থান করবেন।" শুক্রবার দুপুরে দুর্গাপূজা-২০১১ উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগরীর সব মঠ, মন্দির থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৩ ঘ.