ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা তথ্য অধিকার আইনের পরিপন্থী বলে দাবি করেছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান। তার শঙ্কা, এ নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুব বলেন, "প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের পরিপন্থী। এটি সংবিধানে দেওয়া মানুষের বাক স্বাধীনতার অধিকারকে খর্ব করবে।
"আমরা মনে করি, এই নীতিমালা গৃহীত হলে গণমাধ্যমের স্বাধীনতা বিনষ্ট হবে। তা একটি কালো আইন, ফ্যাসিস্ট আইনে পরিণত হবে।''
গণমাধ্যমের জন্য একটি স¤প্রচার নীতিমালা তৈরি করেছে তথ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সবার মতামত নিতে 'জাতীয় স¤প্রচার নীতিমালা'র প্রাথমিক খসড়া অনলাইনে প্রকাশের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে 'মানবাধিকার, গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা : বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক ওই আলোচনায় সাবেক সেনাপ্রধান মাহবুব বলেন, বর্তমান সরকারের আমলে গণতন্ত্র ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
"গণতন্ত্র আজ বুটের নিচে পিষ্ট হচ্ছে। কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না- তা হলে এটি কিসের গণতন্ত্র." ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বর্তমান সরকার সংসদকে পাশ কাটিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে দাবি করে মাহবুব বলেন, সংসদকে 'অকার্যকর' করে রাখা হয়েছে। সেখানে জাতীয় সমস্যা নিয়ে আলোচনা হয় না। বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি সংসদে আলোচনা কিংবা উপস্থাপন কোনোটাই হয় না।
ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে আাবারো শঙ্কা প্রকাশ করেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি এইচ এম ইবরাহীম ভূঁইয়া, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, বিএনপি নেতা নবীউল্লাহ, ওশান গ্র"পের ব্যবস্থাপনা পরিচালন খন্দকার আলী আজম, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন সরকার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাক হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৫০ ঘ.
bdnews24