ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে আল আমিন নামে এক যুবক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছে।
আল আমিনের খালতো ভাই রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্যামপুর থানাধীন ফরিদাবাদ কটন মিলের সামনে দিয়ে বাই সাইকেলে করে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে আটকে ছুরি মেরে চলে যায়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যায় আল আমিন।
রাজন দাবি করেন, ২৫ বছর বয়সী আল আমীন পুলিশের সোর্স হিসাবে কাজ করতো। কোনো সন্ত্রাসীকে ধরতে পুলিশকে সহায়তা করায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
শ্যামপুর থানার ওসি কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
তবে আল আমীন নামে তাদের কোনো সোর্স আছে কি না- তা নিশ্চিত করতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০০১৫ ঘ.
bdnews24