২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণে সমন্বয় সভা

কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গ পথ (টানেল) নির্মাণের স্থান নির্ধারণে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 04:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গ পথ (টানেল) নির্মাণের স্থান নির্ধারণে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএি)। বৃহস্পতিবার দুুপুরে সিডিএর সভা কক্ষে এই সভা হয়। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে সভায় চীনা প্রতিষ্ঠান চায়না কনস্ট্রাকশন অ্যান্ড কমিউনিকেশন কোম্পানি (ফোর-সি), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক), সিডিএ, চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি), সড়ক ও জনপথ বিভাগ এবং রেলওয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্রিজ অথরিটিরি তত্ত্বাবধানে চীনা প্রতিষ্ঠান ফোর সি এবং হংকংয়ের 'অরুপ' নামের দুটি প্রতিষ্ঠান এ প্রকল্পে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে। সভায় বক্তারা চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা ও যানজট নিরসনের লক্ষ্যে টানেল নির্মাণের পক্ষে মত দেন। আবদুচ ছালাম বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে টানেল নির্মাণ জরুরি হলেও চট্টগ্রাম বন্দর ও কর্ণফুলী নদীকে বাঁচিয়ে রাখার বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি বলেন, "কেবল আবেগের বশে কর্ণফুলী নদীতে পিলার ব্রিজ (তৃতীয় কর্ণফুলী সেতু) নির্মাণ করায় এখন বন্দরের ক্ষতি হচ্ছে। আমরা বন্দর ও কর্ণফুলী নদীর আর কোনো ক্ষতি চাই না।" সম্ভাব্যতা যাচাইকারী প্রতিষ্ঠান ফোর সি'র পক্ষ থেকে জন সাও জিং নগরীর নিমতলা পোর্ট সংযোগ সড়ক সংলগ্ন এলাকায় টানেল নির্মাণের প্রস্তাব করেন। তবে সিডিএ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ স্থানে টানেল নির্মাণের বিপক্ষে মত দেয়। এ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন পতেঙ্গা, সিমেন্ট ক্রসিং এবং কালুরঘাট এলাকায় টানেল নির্মাণ হলে তা চট্টগ্রামের জন্য সুবিধা জনক হবে। সভা শেষে এ তিনটি স্থানের নাম সম্ভাব্যতা যাচাইকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। পতেঙ্গা অথবা কালুরঘাট এলাকায় টানেলের স্থান নির্ধারণ করার পক্ষে মত দিয়ে সিডিএর নগর পরিকল্পনাবিদ মো. জহির উদ্দিন বলেন, পতেঙ্গায় কর্ণফুলীর মোহনায় টানেল নির্মাণ করলে টানেলে চলাচলকারী যানবাহন দক্ষিণ চট্টগ্রাম হয়ে পতেঙ্গা বেড়িবাঁধ ধরে সাগরিকায় গিয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারবে। "এতে দক্ষিণ চট্টগ্রামের যানবাহন এবং ভবিষ্যতে ট্রানজিট সুবিধা দেওয়া হলে সেসব যানবাহনও টানেল ব্যবহার করতে পারবে।" সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, কালুরঘাট এলাকায় নদীতে টানেল নির্মাণ করা হলে যানবাহন অক্সিজেন হয়ে কুয়াইশ সড়ক ধরে বায়েজীদ বোস্তামি দিয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক যেতে পারবে। 'উত্তর-দক্ষিণে প্রস্তাবিত এ দুটি পথে যানবাহন চলাচল করলে শহরের ওপর গাড়ির চাপ অনেকাংশে কমে যাবে।' সিসিসি, সওজ এবং বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধিরা সিডিএর এ দুটি আউটার রিং রোডের সঙ্গে যুক্ত করে টানেল নির্মাণের পক্ষে মত দিয়েছেন। সিডিএর সহকারী নগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী তিন মাসের মধ্যে বিদেশি প্রতিষ্ঠান দুটি সম্ভাব্যতা যাচাই শেষে ব্রিজ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবে। তারপর টানেল নির্মাণের কাজ শুরু হবে। সভায় অন্যদের মধ্যে চবকের প্রধান প্রকৌশলী অঞ্জন কান্তি সরকার, প্রধান হাইড্রোগ্রাফার লে. কর্নেল হাবিবুল আলম, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কালাম, সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমেদ, ফোর-সি'র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমক/এমইউ/সিএম/এএইচ/২৩৫১ ঘ.