ঝিনাইদহ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহতের নাম নওশের আলম ওরফে মধু ডাক্তার (৬০)। তিনি উপজেলার ভায়না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভায়না গ্রামে নিজ বাড়ির সামনে মধু ডাক্তারকে গুলি করে হত্যা করা হয়। সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মশিউর রহমান এ হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২৩০৬ ঘ.
bdnews24