নারায়ণরগঞ্জ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করায় উৎসবের আমেজ বিরাজ করছে নারায়ণগঞ্জে। ভোটের দিন-তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে ভোটার ও প্রার্থীদের মধ্যে আনন্দের রেশ ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও মিষ্টি বিতরণও করা হয়।
বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ঘোষণা দেন, আগামী ৩০ অক্টোবর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) নির্বাচন হবে।
তার এই ঘোষণার পর হরতালের মধ্যে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে।
গত ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও বন্দর কদমরসুল পৌরসভাকে বিলুপ্ত করে এনসিসি গঠনের গেজেট প্রকাশিত হয়। গত ২৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহ কামালকে এনসিসির প্রশাসক নিয়োগ করা হয়।
এনসিসি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ থেকে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ভোটারদের মধ্যে জনসংযোগ চালাচ্ছেন। অপরদিকে বিএনপি থেকে জনসংযোগ চালাচ্ছেন দলের কেন্দ্রীয় সহ-আইন বিষয় সম্পাদক ও জেলা কমিটির সভাপতি এ্যাড. তৈমুর আলম খন্দকার।
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনসিসি নির্বাচন বর্তমান সরকারের প্রতিশ্র"তি ছিল; সরকার তা রক্ষা করেছে।
নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ১৮৯ জন। ২৭টিতে ওয়ার্ডে ভোট কেন্দ্র ১৬৩টি। আর ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ২১৭।
এনসিসির ৯টি ওয়ার্ডের সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা ফরহাদ হোসেন।
তিনি জানান, তফসিল ঘোষণার পরপরই সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন সরানোর কাজ শুরু হয়ে গেছে। নির্বাচনী বিধি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে এসব সরিয়ে ফেলতে হবে।
ঢাকার উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমানকে এ নির্বাচনের রির্টানিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, ঢাকা-১, ঢাকা-৪, কুমিল্লা, গাজীপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, ভোলা, ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা এতে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
তারা শুক্রবার নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানান জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার হরতালের মধ্যেও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার এনসিসি নির্বাচনের জন্য জনসংযোগ করেন।
তিনি দাবি করেন, নারায়ণগঞ্জকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব তিনিই দিয়েছিলেন। বর্তমান প্রশাসনের আস্থা নেই জানিয়ে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান এই বিএনপি নেতা।
১৮৭৬ সালে নারায়ণগঞ্জ পৌরসভা হওয়ার পর ২০০৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে ডা. সেলিনা হায়াত আইভী মেয়র নির্বাচিত হন। টানা আট বছর দায়িত্ব পালনের পর গত ২৩ জুন নতুন প্রশাসকের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি।
আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র সেলিনা হায়াত তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।
সেনা মোতায়েন ও প্রশাসনে রদবদলেরও দাবি জানান তিনি।
যে তিনটি পৌরসভা নিয়ে এনসিসি গঠিত হয়েছে তার মধ্যে সিদ্ধিরগঞ্জ ও কদম রসুল পৌরসভা গঠনের পর কোনো নির্বাচন হয়নি। বিগত জোট সরকারের সময়ে বিএনপি নেতা আব্দুল মতিন প্রধানকে সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়। অপরদিকে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে কদমরসুল পৌরসভার প্রশাসকের পালন করতেন।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনসিসি নির্বাচন সুষ্ঠুভাবে করতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট এলাকার তিন থানার ওসিকে বদলি করা প্রয়োজন।
গত কয়েক দিনে নারায়ণগঞ্জে ৮টি খুন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের ও তাদের গডফাদারদের গ্রেপ্তার করতে হবে। মানুষের মধ্যে অতঙ্ক দূর করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১৫৫ ঘ.
bdnews24