চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন ও ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মমতাজ পারভীন বুধবার দুপুরে সব আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রুস্তম আলী একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতিখার হোসেন সাংবাদিকদের জানান, প্রতিবেশীর সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়ার জের ধরে ২০০৪ সালের ২৫ অগাস্ট প্রতিপক্ষরা পীরপুলকুল্লা গ্রামের কৃষক কালু মিয়াকে তার বাড়িতে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওইদিনই তার মৃত্যু হয়।
পরে কালুর ছেলে সুজাউদ্দিন ১৭ জনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ২০০৫ সালের ১০ জুন সব আসামির নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আসামি পক্ষের আইনজীবী মারুফ সরোয়ার বাবু সাংবাদিকদের জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫৯ ঘ.
bdnews24