সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গা ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটারব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান লাবু, বণিক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম বাচ্চু, কলেজ ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসেন রাজিব, ছাত্রনেতা মজনু ও লিংকন।
বক্তারা জানান, স্বাধীনতার পর থেকেই সলঙ্গা ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র থাকলেও গত বছর হঠাৎ করেই থানা সদরের এ কেন্দ্রটি কেটে নিয়ে পাশের নিমগাছী কলেজে স্থাপন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪৫ ঘ.
bdnews24