২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়া নিয়ে অমত মন্ত্রীকে জানালো বাস মালিকরা

তেল-গ্যাসের দাম বাড়ার পর সরকার নির্ধারিত গণপরিবহনের নতুন ভাড়া মনঃপূত না হওয়ায় তা প্রত্যাহারের জন্য যোগাযোগমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন বাস মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ার পর সরকার নির্ধারিত গণপরিবহনের নতুন ভাড়া মনঃপূত না হওয়ায় তা প্রত্যাহারের জন্য যোগাযোগমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন বাস মালিকরা। ঢাকা মহানগরীর বিভিন্ন রুটের বাস মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের একটি প্রতিনিধি দল বুধবার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে দেখা করেন। মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সমিতির সভাপতি রফিকুল ইসলাম কাজল সাংবাদিকদের বলেন, "সরকার যে নতুন ভাড়ার হার নির্ধারণ করেছে, তা যাত্রীদের কাছ থেকে আদায় করা সম্ভব নয়।" রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম প্রতি ঘনমিটার ৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা এবং ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর পর সোমবার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা এবং অটোরিকশার ভাড়া প্রতি কিলোমিটারে ১৪ পয়সা বাড়ানোর ঘোষণা দেয় যোগাযোগ মন্ত্রণালয়। বাস মালিকরা মনে করছেন, জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে নতুন ভাড়ার হার সঙ্গতিপূর্ণ নয়। এ জন্য আপাতত বাস ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে পরিবহন মালিকরা। দূরপাল্লার বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কোষাধ্যক্ষ আজমল উদ্দিন আহম্মদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্বালানি তেল ও গ্যাসের দাম যে হারে বেড়েছে সে তুলনায় বাস ভাড়া কম বাড়ানো হয়েছে। তাই আপাতত বাস ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।" কাজল বলেন, "নিয়ম নীতি না মেনেই নতুন করে জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানো হয়েছে।" মন্ত্রী অবশ্য বাস মালিকদের কথা শুনলেও কোনো সিদ্ধান্ত জানাননি। বাসগুলো বাড়তি ভাড়া না নিলেও সিএনজি অটোরিকশা ও ডিজেলচালিত টেম্পো চালকরা ইতোমধ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায় করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৩০ ঘ.