২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে পড়লো ফার্মা এইডসের দর

টানা ছয় কার্যদিবস বাড়ার পর অবশেষে দর পড়লো ওষুধ খাতের ফার্মা এইডসের শেয়ারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 07:09 AM

Updated : 24 Aug 2022, 04:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ টানা ছয় কার্যদিবস বাড়ার পর অবশেষে দর পড়লো ওষুধ খাতের ফার্মা এইডসের শেয়ারের। পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার মঙ্গলবার পর্যন্ত একটানা ছয় দিন বেড়েছে। মঙ্গলবার ৪ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বাড়ার শীর্ষে ছিল এ প্রতিষ্ঠানটি। 'অস্বাভাবিক' দরবৃদ্ধির পেছনে কোম্পানিটির কাছে কোনও মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না তা মঙ্গলবার জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটি জানায়, তাদের কাছে মূল্য সংবেদনশীল কোনও তথ্য নেই। এ তথ্য জানানোর পর আজ প্রতিষ্ঠানটির শেয়ারের দর পড়ে। বুধবার ১২টা ৩২ মিনিটে ৩ দশমিক ৪৭ শতাংশ দর পড়ে ৩১২৫ টাকায় শেয়ারটি লেনদেন হচ্ছে। তবে এ সময় লেনদেন দ্বিতীয় শীর্ষে অবস্থান করছিল ফার্মা এইডের শেয়ার। অপেক্ষাকৃত 'দুর্বল মৌলভিত্তির' এ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম গত ১৩ সেপ্টেম্বর থেকে বাড়তে শুরু করে। প্রতিটি শেয়ারের মূল্য ২৫০০ টাকা থেকে বেড়ে ২০ সেপ্টেম্বর দাঁড়ায় ৩২৩৭ টাকায়। গত বছরের ২৮ অক্টোবর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ স্টক ও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ওইদিন কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৭০০০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকায় ওঠে। ওইদিনই প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন বন্ধ করে দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একমাসেরও বেশি সময় আটকে রাখার পর ২ ডিসেম্বর থেকে লেনদেন অনুমতি দেওয়া হয়। কোম্পানিটির শেয়ারের গত এক বছরে দাম ছিল ১৪০৮ টাকা থেকে ২৫০০০ টাকা। প্রতিষ্ঠানটির পিই অনুপাত ৮০। একশ টাকা অভিহিত মুল্যের প্রতিষ্ঠানটির মোট শেয়ারের বাজার মূল্য ১০১ কোটি টাকা এবং প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৩০১ ঘ.