ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও কেন্দ্রীয় ব্যাংকের সব উদ্যোগ বিফলে গিয়ে দেশের দুই পুঁজিবাজারে দরপতন চলছেই।
বুধবার দরপতন দিয়েই শুরু হয় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। ২টা ৩২ মিনিটে সাধারণ সূচক ১৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৩৫ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ২৬১ কোটি টাকার শেয়ারের।
সাড়ে তিন ঘন্টার লেনদেন শেষে দাম বেড়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২৩৬টি। দাম বদলায়নি ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ১৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৫৯ পয়েন্ট।
এর আগের দিন মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক ৩১ পয়েন্ট কমেছিল।
সোমবার পুঁজিবাজারে দরপতনে মতিঝিলে বিক্ষোভ ও ভাংচুর হয়েছে। বিক্ষোভের মধ্যে খবর আসে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের জন্য আরো এক বছর অর্থাৎ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর বিকেলে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের জন্য এক বছর বাড়ানোর সুযোগ দেওয়ার খবরে সোমবার ঘুরে দাঁড়িয়েছিল দুই পুঁজিবাজার।
এর আগে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক শেয়ারে লেনদেন সীমা স্থগিত করে এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৪১৪ ঘ.
bdnews24