সিলেট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রুটি সারনোর পর জর্ডানের আম্মানে জরুরি অবতরণ করা বিমানটি যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবে।
রোববার ১৮৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের যাত্রীবাহী এই বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে। ইঞ্জনে ত্রুটি দেখা দিলে আম্মানে জরুরি অবতরণ করে।
ত্রুটি সারাতে একটি কারিগরি দল মঙ্গলবার জর্ডানের উদ্দেশে রওয়ানা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের সিলেট স্টেশন ম্যানেজার মোতাহার হোসেন।
তিনি জানান, রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০০৫ ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে একঘণ্টার যাত্রাবিরতি শেষে আবার লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বিমানের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়লে আম্মান বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।
যাত্রীদের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। ইঞ্জিন মেরামতের পর ওই বিমানেই আটকা পড়া যাত্রীদের লন্ডন পাঠানো হবে।
তবে ইঞ্জিন মেরামতে কত সময় লাগতে পারে তা তিনি জানাতে পারেননি।
বিমানটির যাত্রী রাজন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুবাই বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার ঘোষণা দেন। এসময় বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ কান্নাকাটিও করতে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.
bdnews24