বাগেরহাট, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা বন্দর এলাকায় টহল বোট ডুবে এক কোস্টগার্ড সদস্য নিখোঁজ হয়েছেন।
কোস্টগার্ডের মংলা বন্দর পশ্চিম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে ২ নম্বর মুরিং বয়া এলাকায় একটি বয়ার সঙ্গে ধাক্কা লেগে কোস্টগার্ডের নিজস্ব টহল বোট 'ডলফিন' ডুবে যায়।
রোববার দুপুরে বোটটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এম. এনামুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে অবস্থানরত নৌযান 'হীরা' দশ কোস্টগার্ড সদস্যকে উদ্ধার করে।
তিনি বলেন, "একজন কোস্টগার্ড সদস্য নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কেউ কিছু জানা যায়নি," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24