কামরুল হাসান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন বন্ধ থাকার পর সাতক্ষীরায় আবারো শুরু হয়েছে তিনশ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এ মেলার উদ্বোধন করেন।
প্রথা অনুযায়ী ৩১ ভাদ্র মনসা পূজার দিন এ মেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার এই মেলা শুরু হলো তার তিনদিন পর। মেলাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রাণচঞ্চল্য শুরু হয়েছে শহরবাসীর মধ্যে। বিভিন্ন জেলা থেকে আসা ব্যাবসায়ীরা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গৃহসামগ্রী, হস্তশিল্প, খেলনা সামগ্রী, ফল ও মিষ্টির দোকান ছাড়াও মেলায় নাগরদোলা, যাদু প্রদর্শনী, সার্কাস, পুতুল নাচের আয়োজন রয়েছে।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর শহরের দুটি স্থানে বোমা হামলার পর দীর্ঘ আট বছর বন্ধ ছিলো গুড়পুকুর মেলা। ওইদিন সন্ধ্যায় পাঁচ মিনিটের ব্যবধানে রক্সি সিনেমা হল ও স্টেডিয়ামে চলা সার্কাস প্যান্ডেলে বোমা হামলায় তিনজন নিহত হন। আহত হয় শতাধিক।
এবাার মাসব্যাপী এ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
প্রতি বছর ৩১ ভাদ্র হিন্দু স¤প্রদায়ের দেবী মনসার পূজার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় গুড় পুকুরকে ঘিরে বসতো এই গুড়পুকুরের মেলা। একই দিনে বিশ্বকর্মা পূজাও করেন সনাতন ধর্মাবলম্বীরা।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত শহরের নিউ মার্কেট এলাকায় স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে মেলার সার্বিক তদারকি করা হবে।
মেলার নিরাপত্তা রক্ষায় আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার ভিডিপি, স্কাউট, রোভার স্কাউট ও স্থানীয় যুবকদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক দল কাজ করবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১১৪৫ ঘ.
bdnews24