ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ক্যান্সার নিরাময়ে মঙ্গলবার চিকিৎসা শুরু করবেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।
লেখকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ওইদিন হুমায়ূনকে প্রথম কেমোথেরাপি দেওয়া হবে। ১১ দিন করে বিরতি দিয়ে তাকে মোট ছয়টি কেমোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞরা।
বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন উন্নত চিকিৎসার জন্য গত বুধবার যুক্তরাষ্ট্র যান। চিকিৎসকরা আশা করছেন, অস্ত্রোপচার ছাড়াই তার ক্যানসার নিরাময় সম্ভব হবে।
পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থান করছেন এই কথা সাহিত্যিক।
হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের রসায়ন বিভাগের এ অধ্যাপক উপন্যাস দিয়ে লেখালেখি শুরু করেন। পরে তিনি তার প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন নাটক, ছোট গল্প ও চলচ্চিত্রেও।
হুমায়ূন আহমেদের অসুস্থতার খবরে তার ওপর অনেকটাই নির্ভরশীল দেশের প্রকাশনা জগতে উদ্বেগের ছায়া নেমে আসে। উদ্বেগ প্রকাশ করেছেন পাঠক-ভক্তরাও। সবারই আশা, সুস্থ হয়ে আবারও লেখায় ফিরবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০২৩ ঘ.
bdnews24