চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী নদীর ড্রেজিং ও ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন সিটি কর্পোরেশন মেয়র মনজুর আলম।
শনিবার দুপুরে নগরীর ফিরিঙ্গিবাজারের মেরিনার্স সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এলাকাবাসীর প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সকালে নগরীর চাক্তাই, খাতুনগঞ্জ, আগ্রাবাদ, বাকলিয়া, চকবাজারে নিয়মিত জলাবদ্ধতা সৃষ্টি হয় এমন কিছু স্থান ঘুরে দেখেন মেয়র।
শনিবার ও গত শুক্রবার টানা বর্ষণের কারণে নগরীর অধিকাংশ নিুাঞ্চল তলিয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন নগরবাসী।
মেরিনার্স সড়কে মনজুর আলম বলেন, নগরীর নিুাঞ্চলকে জলজট থেকে মুক্তি দিতে কর্ণফুলীর ক্যাপিটাল ড্রেজিং দ্রুত শেষ করে নদীর নাব্যতা বাড়ানো এবং ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন অপরিহার্য।
কর্ণফুলীর নাব্যতা কমে যাওয়াকে জলাবদ্ধতার অন্যতম কারণ উল্লেখ করে মেয়র বলেন, নাব্যতা হ্রাস পাওয়ায় বর্ষায় জোয়ারের পানি নগরীতে ঢুকে নিমাঞ্চল জলমগ্ন করে।
বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে বেদখল হয়ে যাওয়া বিভিন্ন খালের দখল ছেড়ে দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মনজুর আলম বলেন, এ জন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে জনসাধারণকেও দায়িত্ব পালন করতে হবে।
জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নেওয়া বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে এলাকাবাসীকে জানান মেয়র।
চট্টগ্রামের পাইকারী বাণিজ্য কেন্দ্র চাক্তাই ও খাতুনগঞ্জে জলাবদ্ধতা সৃষ্টি সম্পর্কে সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে কয়েকটি ব্রিজ তৈরির জন্য বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছে। এসব বাঁধের কারণে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কিন্তু বাঁধ নির্মাণ না করলে ব্রিজের কাজ দ্রুত শেষ করা যেত না। এ কারণে সাময়িকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।"
মেরিনার্স সড়ক পরিদর্শনকালে মেয়র বলেন, আগামী ৩ মাসের মধ্যে মেরিনার্স সড়কের নির্মাণ কাজ শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/২২৩১ ঘ.
bdnews24