২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর মেলা: ঢাকায় ৩শ কোটি টাকা আদায়ের আশা

ঢাকায় শুরু হওয়া আয়কর মেলা থেকে প্রায় ৩০০ কোটি টাকা আদায় হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় শুরু হওয়া আয়কর মেলা থেকে প্রায় ৩০০ কোটি টাকা আদায় হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে ছয়দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, "এবার এক লাখ রিটার্ন জমা পড়বে। আর সরকারের কোষাগারে জমা পড়বে ৩০০ কোটি টাকা।" গতবার আয়কর মেলায় ৫২ হাজার রিটার্ন জমা পড়েছিল। সরকার রাজস্ব পেয়েছিল ১১৩ কোটি টাকা। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে শনিবার থেকে ছয়দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। সকালে অফিসার্স ক্লাবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে কর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "অনেক মানুষের হাতে প্রচুর টাকা আছে। কিন্তু তারা কর সর্ম্পকে জানে না। এখনো অনেকে কর দিতে ভয় পায়। এই ভয়ভীতি দূর করতে হবে। মানুষ যাতে সহজেই কর দিতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রাজস্ব প্রশাসনকে পুরোপুরি কম্পিটারাইজড করতে হবে।" হয়রানি আর দুর্নীতির কারণে প্রত্যাশামতো কর আদায় হয় না বলেও মন্তব্য করেন তিনি। মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের মানুষকে কর দিতে উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে। গতবার ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এবার সাত বিভাগীয় শহরে মেলার আয়োজন করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আরো বলেন, ১৫ কোটি মানুষের দেশে মাত্র এক শতাংশ কর দেয়। কর আদায় বাড়াতে রাজস্ব বোর্ডের নানা পরিকল্পনার কথাও জানান তিনি। মেলায় আয়কর বিষয়ে তথ্য, রিটার্ন ফরম পূরণে সহযোগিতা, নতুন করদাতাদের তাৎক্ষণিক টিআইএন সার্টিফিকেট প্রদান, রিটার্ন জমাসহ বিভিন্ন সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতারা যাতে স্বাচ্ছন্দ্যে কর দিতে পারেন সেজন্য মেলায় রয়েছে আলাদা বুথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এসইউ/২১৫২ ঘ.