ঢাকা, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবঘুরে বিষয়ক নতুন আইনের সমালোচনা করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, এ আইনটি মানবাধিকার এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
'ভবঘুরে ও নিরাশ্রয় ব্যাক্তি (পুনর্বাসন) আইন -২০১১' নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শনিবার রিপোর্টাস ইউনিটিতে আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, নিজেরা করি এবং ব্র্যাকের উদ্যোগে এ আলোচনায় ড. মিজান আইন প্রণয়ন প্রক্রিয়াও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, "আমাদের দেশে মূলত আইন প্রণয়ন করেন আমলারা। এ কারণে বাংলাদেশের প্রতিটি আইনে আমলাতান্ত্রিক জটিলতা দেখা যায়।"
সভায় উপস্থিত ব্লাস্টের পরিচালক এডভোকেট সারা হোসেন এ আইনকে পুরোপুরি অমানবিক উল্লেখ করে বলেছেন, "আইনটি পর্যালোচনা করে আমাদের মনে হয়েছে, কোনো অসহায় মানুষকে আশ্রয় দেয়ার জন্য নয় বরং অপরাধকে উস্কে দেয়ার জন্য এ আইনটি প্রণয়ন করা হয়েছে।"
তিনি আরো বলেছেন, "এ আইনে পুলিশকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ যদি কাউকে ভবঘুরে মনে করে তাহলেই তাকে আটক করতে পারবে। নিরাশ্রয় মানুষদের পুনর্বাসনের কথা লেখা রয়েছে, কিন্তু কী ভাবে, কোন পদ্ধতিতে, কতদিনে তাদের পুনর্বাসন করা হবে তার কোনো উল্লেখ নেই।"
নিরাশ্রয় অন্তঃস্বত্ত্বা নারী এবং শিশুদের ক্ষেত্রে এ আইন যথাযথ নয় উল্লেখ করে তিনি বলেছেন, "নিরাশ্রয় নারীদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা এ আইনে নেই। শিশুদের ক্ষেত্রে বলা হয়েছে, ৭ বছর বয়স হলেই তাকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নেয়া হবে।"
এ আইনকে রাজনৈতিক ভাবে অপব্যবহার করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন সারা হোসেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, "অধিকাংশ আইন রাষ্ট্রের চরিত্র অনুযায়ী ধনীবান্ধব এবং দরিদ্রবিমুখ। এ চরিত্র বদলানো প্রয়োজন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভবঘুরে বা নিরাশ্রয় মানুষ কেন থাকবে?"
তিনি ঘোষণা দেন, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে অচিরেই দেশের সবকয়টি ভবঘুরে কেন্দ্র পরিদর্শন করা হবে এবং এই কেন্দ্রগুলোর সমস্যা সমাধানের সুপারিশগুলো সরকারের কাছে উপস্থাপন করা হবে।
সভার সভাপতি এবং নিজেরা করি এব সমন্বয়ক খুশী কবির কিছু সুপারিশ উত্থাপন করেছেন। তিনি রাষ্ট্রপতিকে আইনটি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক তসলিমা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান লিটন, বিচারপতি আওলাদ আলি, এবং এডিডি এর কান্ট্রি ডিরেক্টর মোশাররফ হোসেন।
গত ২৩ আগস্ট জাতীয় সংসদে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যাক্তি (পুনর্বাসন আইন) ২০১১ জাতীয় সংসদে পাস হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/২১২৯ ঘ.
bdnews24