সিলেট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সিলেট অবস্থান করছেন চার ব্রিটিশ পার্লামেন্ট সদস্য।
সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ এবং সুনামগঞ্জের দিরাই উপজেলায় তারা শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও জীবনমান উন্নয়নে 'মায়া' নামের একটি প্রকল্প বাস্তবায়ন করবেন।
এরা হলেন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্য টোবিয়াস এলাউড, অ্যান মেইন, নিকি মরগ্যান ও এন্ড্রু স্টিভেসশন।
শনিবার তারা সিলেট আসেন।
বিকালে তারা কর্ম পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, লন্ডন টইগারস'র নির্বাহী পরিচালক মেসবাহ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নগরীর একটি হোটেলে মতবিনিময়কালে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা জানান, সিলেটের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়ার উন্নয়নে কাজ করতে আটদিনের সফরে তারা সিলেট এসেছেন।
'মায়া' প্রকল্পের মাধ্যমে তারা কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহযোগিতা প্রদান, স্টেডিয়ামে খেলোয়াড়দের ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণ ও আনুসাঙ্গিক সুযোগ-সুবিধা প্রদান এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করবেন।
রোববার থেকে মায়া প্রকল্পের কাজ শুরু হবে। এটি বাস্তবায়নে ৪০ হাজার পাউন্ড ব্যয় হবে বলে তারা জানান।
'লন্ডন টাইগারস ইন বাংলাদেশ' নামে যুক্তরাজ্যভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৪ ঘ.
bdnews24