২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গৃহায়ন প্রকল্পের ৩ ঠিকাদার আটক

গৃহায়ন প্রকল্পের কাজ সময়মতো না করায় মাদারীপুরের শিবচরে তিন ঠিকাদারকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহায়ন প্রকল্পের কাজ সময়মতো না করায় মাদারীপুরের শিবচরে তিন ঠিকাদারকে আটক করেছে পুলিশ। শনিবার স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নুর ই আলম চৌধুরী প্রকল্প এলাকা পরিদর্শন করার পর তাদের আটক করা হয়। এরা হলেন নিলয় এন্টারপ্রাইজের শাহিদুর রহমান এবং সীমা ট্রেডার্সের শাহীন আলম ও চুন্নু মিয়া। স্বল্প ও মধ্য আয়ের মানুষদের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ শিবচর পৌর এলাকার নলগোড়া ও ঠেংগামারা মৌজায় এ গৃহায়ন প্রকল্প বাস্তবায়ন করছে। গত বছরের ১০ ডিসেম্বর গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান এ কাজের উদ্বোধন করেন। গত ২০ ফেব্রুয়ারি ছিল প্রকল্প এলাকায় মাটি ভরাটের শেষ সময়। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বিকালে হুইপ ও নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুর ই আলম চৌধুরী প্রকল্পটি পরিদর্শনে এসে কাজের সীমাহীন ধীর গতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এর পরপরই পুলিশ ওই তিন ঠিকাদারকে আটক করে, বলেন তিনি। তিনি আরো জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো এখনো ১০ শতাংশের মাটি ভরাটের কাজও শেষ করতে পারেনি। দুই মৌজার ১৯ দশমিক ৬২ একর জমির উপর এ প্রকল্পে ৫ কাঠার ১০৯টি এবং ৩ কাঠার ৪৯টি প্লটের মাটি ভরাটের কাজ পায় নিলয় এন্টারপ্রাইজ ও সীমা ট্রেডার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৫ ঘ.