ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমবায় অধিদপ্তরের দেওয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচিবালয় বহুমুখী সমবায় সমিতির সাবেক সম্পাদক নিজামুল ইসলাম ভূঁইয়া মিলন। অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত হয়।
তিনি দাবি করেছেন, ওই সমিতির বর্তমান সম্পাদক রুহুল আমিন দুর্নীতি ও তহবিল তসরূপ করেছেন।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সচিবালয়ের কর্মচারি সংযুক্তি পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মিলনসহ সমিতির সাবেক কয়েকজন নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ স¤প্রতি তদন্ত করেন সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক নাইমুর রহমান। তদন্ত প্রতিবেদনে তিনি মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে দায়িত্ব পালনসহ কয়েকটি বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেন।
সচিবালয় বহুমুখী সমবায় সমিতির বর্তমান সম্পাদক রুহুল আমিনের আবেদনের প্রেক্ষিতে এ তদন্ত করা হয়।
সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান অন্তবর্তীকালীন কমিটি বাতিল, সমিতির বর্তমান নেতাদের এ ধরণের তৎপরতা বন্ধ, নতুন যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সচিবালয়ের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম মিলন সমবায় অধিদপ্তরের দেওয়া তদন্ত প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়েও তোলেন এবং পুনরায় নিরপেক্ষ তদন্ত করার দাবি জানান।
তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে নিজামুল ইসলাম বলেন, তিন লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হলেও তদন্তে জেলা পরিষদ থেকে মাত্র এক লাখ ৭৫ হাজার টাকা পাওয়ার সত্যতা পাওয়া যায়। আর এ অর্থ সমিতির পরিচালিত দু'টি ক্যান্টিনের চেয়ার ও রিফ্রিজারেটর কেনার কাজে ব্যবহার করা হয়।
অন্যসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তার দায়িত্ব পালনের মেয়াদকালের নয় বলেও দাবি করেন তিনি।
বর্তমান সম্পাদকের বিরুদ্ধে তিনি এফডিআর ভেঙ্গে ছয় লাখ টাকা এবং সমিতির ক্যান্টিন ও দোকান পরিচালনার তহবিল তসরূপের অভিযোগ আনেন।
এসব অভিযোগ বর্তমানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একজন উপ-প্রধান এবং সমবায় অধিদপ্তরের অন্য একজন উপ-নিবন্ধককে দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে সচিবালয় সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি আরজ আলী ও সাবেক পরিচালক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তারাও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮১৪ঘ.
bdnews24