২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে ছন্দপতন বন্দরনগরীতে

তিন দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের নগরজীবনে ছন্দপতন ঘটেছে। নগরীর নিচু এলাকাগুলো গেছে ডুবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের নগরজীবনে ছন্দপতন ঘটেছে। নগরীর নিচু এলাকাগুলো গেছে ডুবে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত নগরীতে টানা বৃষ্টিপাত হচ্ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আরিফ জানান, শনিবার বেলা ১২ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬০ দশমিক ২ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে খাদ্যশস্যবাহী জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ থাকলেও কনটেইনার ওঠানামা চলছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টির জন্য জাহাজ থেকে খোলা পণ্য উঠা-নামার কাজ ব্যাহত হচ্ছে। তবে কনটেইনার ওঠা-নামা স্বাভাবিক আছে। তিনি জানান, বন্দরে বহির্নোঙর ও জেটি মিলিয়ে ৫৯টি জাহাজের মধ্যে ২৪টিতে কাজ চলছে। বৃষ্টির কারণে শনিবারও সকাল থেকেই দুর্ভোগে পড়েন কর্মজীবী লোকজন। বিশেষ করে যানবাহন স্বল্পতা এবং অতিরিক্ত ভাড়ার কারণে দুর্ভোগ চরম আকার ধারণ করে। অফিসমুখী মুরাদপুর এলাকার বাসিন্দা মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তায় তেমন গাড়ি না থাকায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা তিন গুণ ভাড়া চাইছে। বৃষ্টিতে মুরাদপুর, মোহাম্মদপুর, কাপাসগোলা, বাদুরতলা, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, বহদ্দারহাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকৌশল বিভাগের মোট ১৭৫ জন কর্মী পানি অপসারণের কাজ করছে। তিনি বলেন, বৃষ্টি থেমে গেলে বিকালের মধ্যে পানি নেমে যাবে। তবে বৃষ্টি চলতে থাকলে জলাবদ্ধতা স্থায়ী হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএ/১৪১০ ঘ.