২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের আকাশ খুলছে টিভিগুলোর জন্য

ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের বিষয়ে আশাব্যঞ্জক একটি খবর জানালেন দেশটির তথ্যমন্ত্রী অম্বিকা সোনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের বিষয়ে আশাব্যঞ্জক একটি খবর জানালেন দেশটির তথ্যমন্ত্রী অম্বিকা সোনি। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা হবে বলে ভারতের রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। বাংলাদেশে ভারতের টেলিভিশন চ্যানেলগুলো দেখাতে কোনো বাধা না থাকলেও বাংলাদেশি চ্যানেলগুলো সেখানে দেখানো হয় না। এ নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন কর্তৃপক্ষগুলো দেন-দরবার চালিয়ে আসছে। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে অম্বিকা সোনির সাংবাদিকদের বলেন, "টেলিভিশন চ্যানেলগুলোর পারস্পরিক সম্প্রচারের বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবো।" চলতি মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, খেলা ও যুবশক্তি বিনিময় কার্যক্রম আরো জোরদারে একমত হয় দুদেশের সরকার। সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে মনমোহন বলেন, "আমি জানি, বহু বাংলাদেশি ভারতে গিয়ে নিজের প্রিয় টেলিভিশন চ্যানেলগুলো না দেখতে পেয়ে মনোক্ষুণœ হন।" তখন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছিলেন, বাংলাদেশি স্যালোইট টেলিভিশন চ্যানেলগুলো ভারতে সম্প্রচারের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মনমোহনের সফরসঙ্গী আসাম, ত্রিপুরা ও মিজোরামের মুখ্যমন্ত্রীরা। ভারতের কয়েক লাখ বাংলাভাষীর মধ্যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তা স্বত্ত্বেও দেশটির স্থানীয় ক্যাবল নেটওয়ার্কে বাংলাদেশি চ্যানেলগুলো ঢোকার ওপর অলিখিত নিষেধাজ্ঞা চলে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএসটি/কিউএইচ/এমআই/১৩৫৯ ঘ.