মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা সীমান্ত থেকে নিয়ে যাওয়া এক বাংলাদেশির লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করেছে বিএসএফ।
শুক্রবার বেলা সোয়া ২টার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আবুল কালামের (৩২) লাশ হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমানার ৭শ' গজ ভিতরে ইয়াকুবনগর এলাকা থেকে কালামের লাশ বিএসএফ নিয়ে যায়।
আবুর কালাম জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাগনা বটুলি গ্রামের প্রয়াত তোতা মিয়ার ছেলে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
কালামের ভাই সাইফুল ইসলাম জানান, একই গ্রামের আব্দুল খালিকের ছেলে সেলিম ও ডালিম তাদের বাবার নাম করে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কালামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
বিজিবি ফুলতলা কোম্পানি কমান্ডার আব্দুল করিম বলেন, বৃহস্পতিবার দুপুরে ভারতের কদমতলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে কালামের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ভারতের কদমতলা এবং বাংলাদেশের জুড়ী থানার পুলিশ উপস্থিত ছিল।
জুড়ী থানার ওসি (তদন্ত) বিপ্লব কিশোর শীল জানান, কালামের লাশ আবারো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা করেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০১ ঘ.
bdnews24