২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদ পানে চেয়ে প্রকাশনা শিল্প

বাংলা সাহিত্যের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অসুস্থতার কারণে কিছুটা হলেও শঙ্কায় পড়েছেন প্রকাশকরা। তারা তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রের দিকে; অপেক্ষা করছেন ভালো খবরের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 06:35 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা সাহিত্যের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অসুস্থতার কারণে কিছুটা হলেও শঙ্কায় পড়েছেন প্রকাশকরা। তারা তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রের দিকে; অপেক্ষা করছেন ভালো খবরের জন্য। বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ উন্নত চিকিৎসার জন্য গত বুধবার যুক্তরাষ্ট্র গেছেন। ক্যান্সারের বিশেষায়িত হাসপাতাল স্লোয়ান কেটারিং হাসপাতালে তার চিকিৎসার কথা। হুমায়ূন আহমেদের ওপর অনেকটাই নির্ভরশীল দেশের প্রকাশনা জগতে উদ্বেগের ছায়া নেমে এসেছে, তা স্পষ্ট হলো 'সময় পাবলিকেশন্স'র ফরিদ আহমেদের কথায়। "হুমায়ুন নিজে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি একুশের বইমেলাকেও জনপ্রিয় করে দিয়েছেন। তাকে ছাড়া কোনো বইমেলা কল্পনা করা যায় না," বলেন তিনি। দুই যুগেরও বেশি সময় ধরে একুশের বইমেলায় সর্বাধিক বিক্রিতের তালিকায় হুমায়ূন আহমেদের বইগুলোই ওপর স্থানগুলো নিয়ে আছে। ফরিদ বলেন, মেলায় যদি তার (হুমায়ূন) কোনো বই প্রকাশিত না হয়, তাহলে লাখ লাখ পাঠক হতাশ হবে। এমনকি এই প্রজন্মের পাঠকদের অনেকে মেলাবিমুখও হয়ে যেতে পারে। তিনি বলেন, "যে কোনো অসুস্থতাই বেদনাদায়ক। আর হুমায়ূন আহমেদের মতো ব্যক্তির ক্ষেত্রে হলে তো কথাই নেই। তার এই অসুস্থতা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের প্রকাশনা শিল্পে বিরূপ প্রভাব পড়বে।" তবে ফরিদ আশা করছেন, হুমায়ূন আহমেদ সুস্থ হয়ে ফিরে আগের মতোই লেখা চালিয়ে যাবেন। 'জ্ঞানকোষ পাবলিকেশন্স'র শাহীদ হাসান তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের বর্তমান প্রকাশনা শিল্পে হুমায়ূন আহমেদের লেখা সম্পর্কে নতুন কিছুই বলার অপেক্ষা রাখে না। তার হঠাৎ ক্যান্সার ধরা পড়েছে। তবে আমরা যতদূর জেনেছি, উনার রোগ নিরাময়যোগ্য।" "তাই আমরা তাকিয়ে আছি, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন," বলেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হলেও হুমায়ূন আহমেদের 'শূন্যতা' এখনি তৈরি হচ্ছে না বলে জানালেন একুশে পদকপ্রাপ্ত এ লেখকের সর্বাধিক বই প্রকাশকারী 'অন্য প্রকাশ'র পরিচালক আব্দুল্লাহ নাসের। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনার অসুস্থতার খবরে এখন পর্যন্ত মোটেও শূন্যতা তৈরি হয়নি। উনি এখন পর্যন্ত শারীরিকভাবে বড় ধরনের কোনো সমস্যা অনুভব করছেন না।" "পাঁচ দিন আগেও তিনি একটি লেখা শেষ করেছেন," বলেন নাসের। "হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রে গেছেন পরীক্ষা-নিরীক্ষা করাতে। সেখানে কত সময় তাকে থাকতে হবে, তা এখনো স্পষ্ট নয়। সবকিছু স্পষ্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে," যোগ করেন তিনি। হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের রসায়ন বিভাগের এ অধ্যাপক উপন্যাস দিয়ে লেখালেখি শুরু করেন। তবে পরে তিনি তার প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন নাটক, ছোট গল্প ও চলচ্চিত্রেও। লেখার পর অধ্যাপনার পাট গুটিয়ে নাটক ও চলচ্চিত্র নির্মাণেও হাত লগিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২২৪ ঘ.